উৎসব, বিয়ে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে ফুল দিয়ে ঘর সাজানোর চল বেশ পুরোনো। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা-সহ নানা রকম ফুলে ঘর ভরে ওঠে সুন্দর গন্ধ আর রঙে। কিন্তু উৎসব শেষ হলেই শুরু হয় অন্য সমস্যা। শুকিয়ে যাওয়া ফুল, ছিঁড়ে যাওয়া মালা আর ঝরে পড়া পাপড়ি জমতে থাকে বাড়ির এক কোণে।
বেশির ভাগ মানুষই এসব ফুল আবর্জনা ভেবে ফেলে দেন। অথচ একটু বুদ্ধি আর সৃজনশীলতা কাজে লাগালেই এই ফেলে দেওয়া ফুল দিয়ে তৈরি করা যায় ঘর সাজানোর নানা উপকরণ। এমনকি গাছের যত্নেও কাজে লাগানো সম্ভব। তাই পরেরবার শুকনো ফুল ফেলে দেওয়ার আগে জেনে নিন সেগুলো কীভাবে কাজে লাগাবেন।
শুকনো ফুল দিয়ে তৈরি করুন জৈব সার
বাড়িতে যদি বাগান বা টবের গাছ থাকে, তাহলে শুকনো ফুল ফেলে না দিয়ে সেগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পারেন। প্রথমে ফুলের পাপড়িগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিন। এরপর কম্পোস্ট তৈরির পাত্রে অন্যান্য পচনশীল বর্জ্যের সঙ্গে মিশিয়ে দিন। কিছুদিন পর ফুলগুলো পচে জৈব সারে পরিণত হবে। এই সার গাছের মাটির গুণাগুণ ও উর্বরতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে ফুলের সঙ্গে থাকা প্লাস্টিকের সুতা, ফিতা, তার বা অন্য কোনো কৃত্রিম উপাদান অবশ্যই সরিয়ে ফেলবেন।
তৈরি করুন প্রাকৃতিক সুগন্ধি
শুকনো ফুলের পাপড়ি দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন প্রাকৃতিক সুগন্ধি। এজন্য গোলাপ, গাঁদা কিংবা সুগন্ধি ফুলের পাপড়ি ভালোভাবে শুকিয়ে নিন। এরপর সেগুলোর সঙ্গে দারুচিনি, লবঙ্গ ও শুকনো লেবুর খোসা মিশিয়ে একটি সুন্দর কাচের পাত্রে রাখুন। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন।
এবার পাত্রটি বসিয়ে দিন ড্রয়িংরুম, শোবার ঘর কিংবা ঘরের কোনো কোণে। এতে ঘরের সাজে যেমন নতুনত্ব আসবে, তেমনই ছড়াবে মনোরম সুবাস। সময়ের সঙ্গে সুগন্ধ কমে গেলে নতুন করে এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন।
ফুল দিয়ে মোমবাতি সাজিয়ে তুলুন
ঘরের সাজে মোমবাতির ব্যবহার অনেকেরই পছন্দ। শুকনো ফুলের পাপড়ি দিয়ে সাধারণ মোমবাতিকেও করে তুলতে পারেন আরও আকর্ষণীয়। মোমবাতির বাইরের অংশে ফুলের নকশা ব্যবহার করে সাজিয়ে নিন। চাইলে ফুলের পাপড়ি দিয়ে মোমবাতির পাশে থাকা সাজানোর পাত্রটিও সুন্দর করে সাজাতে পারেন। তবে এ ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। শুকনো ফুল খুব সহজে আগুন ধরে যায়। তাই জ্বালানো মোমবাতির সলতে বা আগুনের কাছাকাছি শুকনো পাপড়ি রাখবেন না। নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং জ্বালানো মোমবাতি কখনো অযত্নে ফেলে রাখবেন না।
গাঁদা ফুল দিয়ে তৈরি করুন প্রাকৃতিক রং
গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা যায় হলুদ বা কমলা আভাযুক্ত প্রাকৃতিক রং। প্রথমে শুকনো বা তাজা গাঁদা ফুলের পাপড়ি সংগ্রহ করুন। একটি পাত্রে পানি নিয়ে তাতে পাপড়িগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর পানি ঠান্ডা হলে ছেঁকে নিন। তৈরি হয়ে যাবে ফুলের রঙিন নির্যাস। এই রং কাগজের কাজ, হস্তশিল্প কিংবা বিভিন্ন সাজসজ্জার কাজে ব্যবহার করতে পারেন। তবে রং ব্যবহারের আগে কাগজের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। কারণ কাগজের ধরন অনুযায়ী রঙের আভা ও স্থায়িত্ব আলাদা হতে পারে।
ফুলের পাপড়িতে তৈরি করুন হোম ডেকর
শুকনো ফুলের পাপড়ি দিয়ে ঘর সাজানোর জন্য তৈরি করা যায় নানা ধরনের হস্তশিল্প। পুরোনো ফটোফ্রেমের চারপাশে পাপড়ি সাজিয়ে দিতে পারেন নতুন চেহারা। আবার স্বচ্ছ কাচের পাত্রে বিভিন্ন রঙের শুকনো ফুল রেখে তৈরি করতে পারেন সুন্দর টেবিল ডেকর। হাতে তৈরি গ্রিটিং কার্ডেও ফুলের পাপড়ি ব্যবহার করতে পারেন। চাইলে শুকনো ফুল, পাতা ও ছোট ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন ওয়াল হ্যাঙ্গিং।
এসব কাজে গোলাপের পাপড়ি, গাঁদা কিংবা বিভিন্ন রঙের ফুল ব্যবহার করলে সাজে আসবে বৈচিত্র্য। তবে ব্যবহারের আগে ফুলগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে ভেতরে আর্দ্রতা থেকে ছত্রাক না জন্মায়।
উৎসব শেষ মানেই ফুলের প্রয়োজন ফুরিয়ে যাওয়া নয়। একটু যত্ন আর সৃজনশীলতা কাজে লাগালে ফেলে দেওয়া ফুলও হয়ে উঠতে পারে ঘর সাজানোর সুন্দর উপকরণ। এতে একদিকে যেমন অপ্রয়োজনীয় বর্জ্য কমবে, অন্যদিকে নতুন কিছু তৈরির আনন্দও পাওয়া যাবে। তাই পরেরবার উৎসব শেষে শুকনো ফুল ফেলে না দিয়ে কাজে লাগান নিজের মতো করে। সূত্র: নিউজ এইটটিন, দ্য স্প্রুস এসএকেওয়াই




মন্তব্য
(০)