জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পলিটানেল পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন কুড়িগ্রামের রাজারহাটের কৃষক জামান মিয়া।
ছোট আকারের এসব তরমুজ দেখতে লম্বাটে ও ডিম্বাকার; কালচে খোসার ভেতরে টকটকে লাল শাঁস। অমৌসুমে বাজারে ওঠায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা।
ফসলের মাঠে জলাবদ্ধতা, অতিরিক্ত তাপমাত্রা ও রোগবালাইয়ের প্রভাব বাড়ায় প্রতিবছরই ক্ষতির মুখে পড়ছেন এ অঞ্চলের কৃষকরা।
জলবায়ু অভিযোজন পদ্ধতি ব্যবহার করে অমৌসুমী ও বারোমাসি তরমুজ চাষে সাফল্য পাচ্ছেন জেলার কৃষকরা।
পলিটানেল, মালচিং, মাচা, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও বিষটোপসহ নানা প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রিত পরিবেশে তরমুজ চাষ করছেন তাঁরা।
একই জমিতে বছরে একাধিকবার তরমুজ ও সবজি চাষের সুযোগ তৈরি হওয়ায় কৃষকের আয় বাড়ছে।
পলিটানেল ঢেকে রাখে বলে অসময়ের বৃষ্টি ও শিশিরে ফল পচে না, আর ফেরোমন ফাঁদ ফলের মাছির আক্রমণ কমায় — দুটোই কীটনাশকের খরচ কমিয়ে দেয়।
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ





মন্তব্য
(০)