পশ্চিমবঙ্গের সমতলে কমলা সাধারণত আসে দার্জিলিং বা সিটং থেকে। সেই সমতলেরই উত্তর ২৪ পরগনার অশোকনগরে আট বিঘা জমিতে কমলার বাগান করেছেন নারায়ণ মণ্ডল। এবার ৭৫টি গাছে ফল ধরেছে বলে তিনি জানিয়েছেন সংবাদ প্রতিদিনকে।
নারায়ণ মণ্ডল বলেন, বেশ কয়েক বছর ধরে তিনি কমলা চাষ করছেন। আগের বছরগুলোর চেয়ে এবার ফলন অনেক বেড়েছে, যা আশা করেছিলেন তার দ্বিগুণ পেয়েছেন। নার্সারিতে ফলানো এই কমলার স্বাদেও বিশেষত্ব আছে বলে তাঁর দাবি।
সমতলের আবহাওয়ায় গাছ বাঁচানোর উপায়ও জানিয়েছেন তিনি: গাছে যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে, সে জন্য গোটা বাগান বিশেষ গ্রিন নেট দিয়ে ঢাকা।
গত রোববার থেকে বাগানটি দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে। মাথাপিছু টিকিট ১০ টাকা, খোলা থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত। আশপাশের মানুষ বাগান দেখতে ভিড় করছেন।
সূত্র: সংবাদ প্রতিদিন



মন্তব্য
(০)