দেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে আনারকলি ফল। যা স্থানীয়ভাবে প্যাশনফ্রুট বা ট্যাং ফল নামেও পরিচিত। এটি লাভজনক ও পুষ্টিসমৃদ্ধ বিদেশি ফল। তবে বাংলাদেশেও ফলটি চাষ করা যায়। সঠিক নিয়ম মেনে চাষ করলে খুব কম সময়ে ভালো ফলন পাওয়া সম্ভব।
তাই আসুন জেনে নিই আনারকলি ফল চাষের নিয়মকানুন:
মাটি নির্বাচন
সব ধরনের উর্বর মাটিতে আনারকলি চাষ করা যায়। তবে পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে, এমন দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি এই ফল চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।
মাচা তৈরি
আনারকলি একটি লতানো উদ্ভিদ। তাই গাছের বৃদ্ধির জন্য শক্ত মাচা (বাঁশ বা তারের জাল দিয়ে) তৈরি করা জরুরি। মাচা শক্ত না হলে ফলের ভারে গাছসহ ভেঙে পড়ার সম্ভাবনা আছে।
চারা রোপণের সময়
সাধারণত কলম বা বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করা হয়। চারা লাগানোর উপযুক্ত সময় হলো বর্ষাকাল বা বর্ষার আগমুহূর্ত। তবে সেচের ব্যবস্থা থাকলে বছরের অন্য সময়েও রোপণ করা যায়। সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ত করে চারা রোপণ করতে হয়।
সারের ব্যবহার
মাটি তৈরির সময় জৈব সার (গোবর বা কম্পোস্ট) এবং পরিমিত পরিমাণে পটাশ ও ফসফরাস সার প্রয়োগ করতে হয়। গাছের বৃদ্ধিতে নিয়মিত সুষম সার ও সেচ দিতে হবে।
যত্ন ও পরিচর্যা
অতিরিক্ত ডালপালা ছেঁটে দিলে গাছে রোগবালাই কম হয় এবং ভালো ফলন পাওয়া যায়। শীতকালে বা নির্দিষ্ট সময়ে ডাল ছাঁটাই করা উত্তম।
ফলনের সময়কাল
চারা লাগানোর মাত্র ৫ থেকে ১০ মাসের মধ্যেই গাছে ফুল ও ফল আসতে শুরু করে। জাতভেদে ১৪ থেকে ২০ মাসের মধ্যে পূর্ণ ফলন পাওয়া যায়।




মন্তব্য
(০)