মুসলিম সমাজে মসজিদে বিয়ে পড়ানোর প্রচলন আছে, আর জীবনের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের জন্য মসজিদকে বেছে নেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। সৌদি আরবও পবিত্র কাবা ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে, তবে স্থান দুটির পবিত্রতা ও সম্মান রক্ষায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, মসজিদে বিয়ে করা কি সুন্নাত?
অধিকাংশ ফকিহের মতে, বিয়ের আকদ মসজিদে সম্পন্ন করা মুস্তাহাব। বিয়ে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান, মসজিদ বরকতময় স্থান, আর সেখানে সাধারণ মানুষের উপস্থিতি থাকে; ফলে মসজিদে বিয়ে হলে তা সহজেই জনসাধারণের কাছে প্রকাশিত হয়, যা শরিয়তের দৃষ্টিতে পছন্দনীয়।
আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'বিয়ের ঘোষণা দাও, বিয়ে মসজিদে সম্পন্ন করো এবং বিয়েতে দফ বাজাও।' (সুনানে তিরমিজি: ১০৮৯)। তবে ইমাম তিরমিজি (রহ.) ও ইবনে হাজার (রহ.) হাদিসটিকে দুর্বল বলেছেন।
নবীজি (সা.)-এর যুগে সাহাবিদের সব বিয়ের আকদ মসজিদে হতো না, নবীজির নিজের সব বিয়েও মসজিদে হয়নি; প্রত্যেকের বিয়ে মসজিদেই করার জোরালো নির্দেশের প্রমাণও পাওয়া যায় না। তাই দুই পক্ষের সুবিধা অনুযায়ী যেকোনো জায়গায়, এমনকি সফরেও বিয়ে করা যায়। রাসুলুল্লাহ (সা.) খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে সাফিয়া (রা.)-কে বিয়ে করেছিলেন (সহিহ বুখারি: ৪২১১)।
আলেমদের মতে, মসজিদে বিয়ে সম্পন্ন করা ইতিবাচক, বিশেষ করে এতে যদি ইসলামের নির্দেশনাবিরোধী আচার-অনুষ্ঠান কমানো যায়। তবে মসজিদে বিয়েকে অপরিহার্য বা সুন্নাতে মুআক্কাদা মনে করা, কিংবা মসজিদের বাইরে বিয়েকে নিন্দনীয় ভাবা সমীচীন নয়। আর মসজিদে বিয়ে হলে মসজিদের পবিত্রতা ও সম্মান রক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রতিবেদন: বাংলা নিউজ ২৪-এর ইসলাম ডেস্ক।
ছবি: নিকাহনামায় সই, Zainub Razvi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: বাংলা নিউজ ২৪





মন্তব্য
(০)