অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার গবাদিপশুর আঁটালি (ক্যাটল টিক) দমনের নতুন কৌশল প্রকাশ করেছে। এ বছরের শুরুতে রাজ্যের দীর্ঘদিনের আঁটালি কর্মসূচি চাঙা করতে ৭০ লাখ ডলার বিনিয়োগের পর এই কৌশল এল।
সরকার বলছে, কৌশলটি সেই বিনিয়োগ এবং স্বাধীন জৈব নিরাপত্তা কমিশনারের সুপারিশের ওপর দাঁড়িয়ে। সরকারের অনুরোধে কমিশনার ক্যাটল টিক প্রোগ্রাম পর্যালোচনা করেছিলেন। আগে কর্মসূচিটি শুধু সেই খামারগুলো নিয়ে কাজ করত, যারা নিজেরা আঁটালির খবর জানাত; কমিশনার দেখেছেন, রাজ্য থেকে আঁটালি নির্মূলে এ পদ্ধতি কার্যকর নয়।
নতুন পরিকল্পনায় আঁটালিকে একক খামারের নয়, পুরো এলাকার সমস্যা হিসেবে দেখা হচ্ছে, কারণ আঁটালি একটি অঞ্চলজুড়ে ছড়ায়, খামারের বেড়ায় থেমে থাকে না। নিউ সাউথ ওয়েলসকে উচ্চ, মাঝারি ও নিম্ন ঝুঁকির এলাকায় ভাগ করা হবে, আর সম্পদ যাবে মূলত উচ্চ ও মাঝারি ঝুঁকির এলাকায়। আগামী ছয় বছরের কাজের দিকনির্দেশক এই কৌশলে আছে স্পষ্ট অগ্রাধিকার, জোরদার নজরদারি, ধারাবাহিক যোগাযোগ এবং আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ খামারের জন্য বাস্তবসম্মত চিকিৎসা-পরিকল্পনা।
গরুর মাংস ও দুগ্ধশিল্প, কারিগরি বিশেষজ্ঞ এবং রাজ্যের উত্তর উপকূলের জনগোষ্ঠীর মতামত নিয়ে কৌশলটি তৈরি হয়েছে। আঁটালি দল ক্যাটল টিক কনসালটেটিভ কমিটি এবং রোগতত্ত্ববিদ, পশুচিকিৎসক ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কারিগরি উপদেষ্টা দলের সঙ্গে মিলে চিকিৎসা-ব্যবস্থা পর্যালোচনা এবং আইনি ও পরিচালন কাঠামো তৈরি করবে।
রাজ্যের কৃষিমন্ত্রী টারা মরিয়ার্টি (Tara Moriarty) বলেছেন, আগামী বছর জোর থাকবে আঁটালি কোথায় কোথায় আছে তা বোঝা, সচেতনতা ও শিক্ষা বাড়ানো এবং উৎস খোঁজা ও অংশীজনদের সম্পৃক্ততা জোরদারে। তাঁর ভাষায়, "এই কাজের লক্ষ্য একটাই: সর্বশেষ জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সম্পদ দিয়ে কর্মসূচিটি যেন নিউ সাউথ ওয়েলসের গরুর মাংস ও দুগ্ধ খামারিদের সুরক্ষা দেয়।" সরকার জানিয়েছে, জৈব নিরাপত্তায় তাদের ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের অংশ এই কৌশল।
ক্যাটল টিক রক্তচোষা পরজীবী; এটি গরুকে দুর্বল করে এবং টিক ফিভার ছড়ায়। তাই আঁটালি-আক্রান্ত অঞ্চলের গরুর মাংস ও দুগ্ধ খামারিদের আয়ের সঙ্গে এর দমন সরাসরি জড়িত।
ছবি: CSIRO / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: Beef Central





মন্তব্য
(০)