রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে সোমবার (৫ অক্টোবর) পেঁপে ছাড়া সবচেয়ে সস্তা সবজির দামও ছিল কেজিপ্রতি ৫০ টাকা, আর দামি সবজি উঠেছে ২০০ টাকায়। বাংলা ট্রিবিউনের হিসাবে বাজারের ৩২টি সবজির মধ্যে ১৯টির দাম ৮০ থেকে ১০০ টাকা বা তার বেশি।
কেজিপ্রতি টমেটো ১২০-১৩০, দেশি গাজর ১০০, চায়না গাজর ১২০-১৩০, লম্বা বেগুন ১০০, গোল বেগুন ১২০-১৪০, শিম ২০০, উচ্ছে ও করলা ১০০, দেশি পটল ১২০, ঢেঁড়স ৮০, বরবটি ৯০, কাঁচা মরিচ ১৪০ টাকা। ধনেপাতা মানভেদে ২৮০ টাকা কেজি। পেঁপে ৩০-৪০, মিষ্টিকুমড়া ৫০, মূলা ৬০ টাকা; প্রতিটি লাউ ৭০, ফুলকপি ৮০ ও বাঁধাকপি ৭০ টাকা।
আলু, পেঁয়াজ, আদা ও রসুনে কিছুটা স্বস্তি থাকলেও কেজিতে ৫-১০ টাকা বেড়েছে আলু-পেঁয়াজ। দেশি পেঁয়াজ ৫৫, ক্রস জাতের পেঁয়াজ ৫০, লাল আলু ২৫, সাদা আলু ৩০, বগুড়ার আলু ৪০, দেশি রসুন ১০০, চায়না রসুন ১৬০ এবং চায়না আদা ১৪০-১৫০ টাকা কেজি।
ব্রয়লার মুরগি কেজি ১৮০-১৮৮, কক ২৯০-৩০০, লেয়ার ৩৫০ আর দেশি মুরগি ৬২০-৬৪০ টাকা। গরুর মাংস ৮০০, খাসির মাংস ১,২৫০ টাকা। ডজনপ্রতি লাল ডিম ১৪০-১৪৫, সাদা ডিম ১৩৫-১৪০ আর হাঁসের ডিম ১৮০ টাকা। আকার ও ওজনভেদে ইলিশ ১,৫০০-২,৮০০, রুই ৪০০-৬০০, পাবদা ৪০০-৬০০ টাকা কেজি। মুদি দোকানে বোতলের সয়াবিন তেল লিটার ২০৪, মোটা মসুর ডাল ৯০, ছোলা ১০৫, চিনি ১১০ টাকা।
বাজার করতে আসা সাইফুল ইসলাম বলেন, রিকশাভাড়া থেকে শুরু করে সবকিছুর দাম বাড়ছে, ‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো?’ বাজারে মালামাল বহন করা তরিকুল ইসলাম জানান, জিনিসপত্রের দাম বাড়লেও তিনি কারও কাছে ৫০ টাকার জায়গায় ১০০ টাকা চাইতে পারেন না।
সবজি বিক্রেতা মো. শাহ আলমের মতে, নতুন সবজি ভালোভাবে বাজারে এলে দাম কমবে; অসময়ের বৃষ্টিও দাম বাড়িয়েছে। মুরগি বিক্রেতা শিপলু আহমেদ সোহেল বলেন, তেল-গ্যাসের দাম বাড়ায় মুরগির দামে প্রভাব পড়বে। ডিম বিক্রেতা সামিউল ইসলামের ভাষ্য, চাহিদা থাকায় পাইকাররা দাম কমান না, চাহিদা কমলে দামও কমবে।
ছবি: Hopeoflight / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) (মিরপুর ১ নম্বরের সবজির বাজার)
সূত্র: বাংলা ট্রিবিউন





মন্তব্য
(০)