ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inácio Lula da Silva) এবং কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আন্দ্রে দে পাওলা (André de Paula) ১৩ থেকে ১৬ নভেম্বর ফিলিপাইন সফর করছেন এবং ৪৯তম আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন। ১৪ নভেম্বর খাদ্য ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে ব্রাজিল-ফিলিপাইন বিজনেস ফোরাম হওয়ার কথা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ৮০ বছরের, তবে ক্ষমতায় থাকা কোনো ব্রাজিলীয় প্রেসিডেন্টের এটিই প্রথম সফর।
ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়ের তথ্যে, ফিলিপাইন ব্রাজিল থেকে ১৮৪ কোটি ডলারের পণ্য কিনেছে, যার ৮৬ শতাংশই শূকর, গরু ও মুরগির মাংস। ব্রাজিলের শূকরের মাংসের সবচেয়ে বড় ক্রেতা ফিলিপাইন: ব্রাজিলীয় অ্যানিমেল প্রোটিন অ্যাসোসিয়েশনের (এবিপিএ) হিসাবে অক্টোবরে দেশটি নিয়েছে ৩৪,৭০০ টন, গত বছরের অক্টোবরে যা ছিল ৪৬,৩০০ টন।
সফরটি হচ্ছে এমন সময়ে, যখন আফ্রিকান সোয়াইন ফিভারের ধাক্কা থেকে এখনো ঘুরে দাঁড়াতে থাকা দেশীয় শূকর খামার নিয়ে উদ্বেগে ফিলিপাইন ৬০ দিনের জন্য শূকরের মাংস আমদানি নিষিদ্ধ করেছে। ফিলিপাইনের কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে খামার-পর্যায়ে দাম পড়ে যাওয়ায় উৎপাদকদের ক্ষতি হয়েছে ২,৭৯০ কোটি পেসো, প্রায় ৪৪ কোটি ডলার।
ফিলিপাইনের কৃষিসচিব ফ্রান্সিসকো পি. তিউ লরেল জুনিয়র (Francisco P. Tiu Laurel Jr.) বলেন, "শূকর খাত নতুন করে গড়তে স্বল্পমেয়াদি দাম-হস্তক্ষেপের চেয়ে বেশি কিছু লাগবে।" তিনি জানান, আইনি, নিয়ন্ত্রক ও খাতভিত্তিক সংস্কারের লক্ষ্য ২০২৮ সালের শেষ নাগাদ দেশের শূকরের সংখ্যা আফ্রিকান সোয়াইন ফিভারের আগের প্রায় ১ কোটি ৩০ লাখে ফিরিয়ে আনা।
এর মধ্যে ব্রাজিল আরও কয়েকটি বাজার খুলেছে। ২০২৫ সালে ব্রাজিল থেকে ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য কেনা ভিয়েতনাম গরুর লাল অফাল আমদানির অনুমতি দিয়েছে; মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য অনুমোদন দিয়েছে শূকরের মাংসজাত পণ্য, গরু ও মহিষের ভ্রূণ, ষাঁড়ের বীজ ও জীবন্ত গরু; তুরস্ক প্রজনন ও জবাইয়ের জন্য জীবন্ত মহিষ; আর বার্বাডোস গরুর মাংস, অফাল ও মাংসজাত পণ্য। ব্রাজিল বলছে, এসব চুক্তি মিলিয়ে ২০২৩ সালের শুরু থেকে তাদের রপ্তানি ১০০ দেশের ৭২৮টি বাজারে বিস্তৃত হয়েছে।
প্রতিবেদনটি এগনেভিগেটরের জন্য লিখেছেন রায়ান ডেইলি (Ryan Daily)।
সূত্র: AgNavigator

মন্তব্য
(০)