কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রা‌তে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। কু‌ড়িগ্রা‌মে শীতের আগম‌নের সময় এমন শিলাবৃষ্টি হবে, তা তারা ধারণা করতে পারেননি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু হয়। মাঠে এখন উঠতি আমন ধান রয়েছে। শিলা বৃষ্টিতে তার জমির কিছু ধান ঝরে প‌ড়ে‌ছে।
রাজারহাটের বৈদ্যের বাজার এলাকার কৃষক শুশীল চন্দ্র বলেন, তার জমির ধান পাকতে শুরু করেছে। এসময় শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় এক লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন বলেন, শিলাবৃষ্টিতে প্রায় দেড় হেক্টর জমির ধান হেলে পড়েছে। এতে পরবর্তী সময়ে ফসলের ক্ষতি হতে পারে। তবে শিলা বৃষ্টি অল্প সময় স্থায়ী হওয়ায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
রোকনুজ্জামান মানু/এফএ




মন্তব্য
(০)