বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মসলা গবেষণা কেন্দ্রের (এসআরসি) বিজ্ঞানীরা ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত এবং মসলা উৎপাদনের ১৫০টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বাসসের এই প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা মেইল।
এসআরসির কর্মকর্তাদের হিসাবে, দেশে ৪ লাখ ৪৮ হাজার হেক্টর জমিতে প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার টন মসলা উৎপাদিত হয়। কিন্তু সংরক্ষণে ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হওয়ায় প্রকৃত উৎপাদন দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টনে। চাহিদা ৪৭ লাখ ৮৮ হাজার টন, ঘাটতি প্রায় ১৩ লাখ টন।
কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম বলেন, এটি দেশের একমাত্র বিশেষায়িত মসলা গবেষণা প্রতিষ্ঠান। বস্তায় আদা চাষ, উন্নত জাতের হলুদ ও পেঁয়াজ চাষে কৃষকেরা সাফল্য পেয়েছেন। পেঁয়াজ-রসুনের পাউডার, আদা ও কাঁচা মরিচের পেস্ট-পাউডারের মতো সংরক্ষণ প্রযুক্তিও এসেছে। তাঁর মতে, আধুনিক ল্যাব, বাড়তি বাজেট, পেঁয়াজ-রসুনের উপযুক্ত সংরক্ষণাগার আর সহজ শর্তে কৃষিঋণ দরকার।
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. মাসুদুর রহমান জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৬৩ হাজার টন মরিচ আমদানি করতে হয়েছে, কারণ উৎপাদন থাকলেও সংরক্ষণের ব্যবস্থা নেই। প্রকল্প থেকে চিলি ড্রায়ার দেওয়া হচ্ছে, বর্ষার ঘাটতি মেটাতে চৈত্র-বৈশাখে মরিচ চাষে উৎসাহ দেওয়া হচ্ছে, আর দারুচিনি, গোলমরিচ ও তেজপাতার মাতৃবাগান তৈরি হচ্ছে।
জিরা আমদানিতে বছরে প্রায় ৯০০ থেকে ১ হাজার কোটি টাকা খরচ হয়। মাসুদুর রহমান বলেন, ২০২৫ সালে ৫০ বিঘায় জিরা চাষে সাফল্যের পর এ বছর ১৩০ বিঘায় চাষের উদ্যোগ নেওয়া হয়েছে, মূলত পদ্মা অববাহিকায়: কুষ্টিয়া সদর, গোদাগাড়ী, ফরিদপুর, শিবগঞ্জ, ঝিনাইদহ সদর, ঈশ্বরদী, জীবননগর ও দামুড়হুদায়। পাহাড়ে ও সমতলের বস্তায় আদা চাষও ছড়ানো হচ্ছে; দেশের আদার চাহিদার প্রায় ৪০ শতাংশ আসে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম জানান, পেঁয়াজ সংরক্ষণে এ বছর কৃষকদের ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে, আগে দেওয়া হয়েছিল ১১ হাজার ৭০০টি; তাঁর দাবি, এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি। বর্ষাসহিষ্ণু মরিচ, বস্তায় আদা ও গ্রীষ্মকালীন টমেটো নিয়েও কাজ চলছে। তবে এলাচ ও দারুচিনির জন্য দেশের মাটি-আবহাওয়া তেমন উপযোগী নয়, আরও গবেষণা দরকার বলে জানান তিনি।
ছবি: Sivaranjani / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: ঢাকা মেইল



মন্তব্য
(০)