রাজধানীর খিলগাঁও-তালতলা কবরস্থানসংলগ্ন মসজিদের নির্মাণ শেষ হয়েছে প্রায় এক বছর আগে, কিন্তু এখনো তা মুসল্লিদের জন্য খোলা হয়নি। এতে স্থানীয় বাসিন্দা ও কবর জিয়ারতে আসা মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানিয়েছে আওয়ার ইসলাম।
৩১ অক্টোবর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীসহ স্থানীয় কয়েকজন রাজনীতিবিদ মসজিদ ও কবরস্থান পরিদর্শন করেন। মুফতি ইসহাকী এক ভিডিও বার্তায় বলেন, মসজিদ বন্ধ থাকায় এলাকার মুসল্লিদের অন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে হচ্ছে।
তিনি সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামের প্রতি মসজিদটি দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, কারিগরি বা প্রশাসনিক জটিলতা থাকলেও তা মিটিয়ে মসজিদ খোলা দরকার।
পরে আরেক ভিডিও বার্তায় তিনি জানান, প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং প্রতিমন্ত্রী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তালা খুলে মসজিদ সবার জন্য উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন। প্রতিবেদনে সিটি করপোরেশনের কোনো বক্তব্য নেই।
সূত্র: আওয়ার ইসলাম


মন্তব্য
(০)