বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক বসছে ঢাকায় (২২ নভেম্বর)। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মার পানি বণ্টনের তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির বিষয় এবারের এজেন্ডায় নেই বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
এর আগের তথ্য বিনিময় বৈঠক হয়েছিল ২২ মে, কলকাতায়। ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি বর্তমান চুক্তির অধীনে এটিই দুই দেশের শেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইত্তেফাক জানিয়েছে, উজানে গঙ্গার ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা প্রায় পানিশূন্য হয়ে পড়ে, যার মারাত্মক প্রভাব পড়ছে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশে।
১৯৭৭ সালে প্রথম গঙ্গা চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪,৫০০ কিউসেক পানির বিধান ছিল। ১৯৯৬ সালের ৩০ বছর মেয়াদি চুক্তির শর্তে প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশের ১০ দিন পরপর ৩৫,০০০ কিউসেক পানি পাওয়ার কথা।
বিশেষজ্ঞদের আশঙ্কা, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব চুক্তি নবায়ন বা নতুন চুক্তির প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, চুক্তি নবায়ন হলেও ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা, অর্থাৎ ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে।
ছবি: Salim Sadman Samoy / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: ইত্তেফাক




মন্তব্য
(০)