ভারতের বড় পরিসরের মৌসুমি বায়ু বা বর্ষা প্রথম দানা বাঁধে উত্তর-পূর্ব ভারতে, ১৫ মের দিকে, ভারতীয় উপদ্বীপে প্রতিষ্ঠিত হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ ও গৌহাটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ডাউন টু আর্থ।
গত মাসে জার্নাল অব ক্লাইমেট সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে ১৯৪০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৮৪ বছরের দৈনিক বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ক্লাইমেট-নেটওয়ার্ক পদ্ধতিতে গবেষকেরা দেখিয়েছেন, দেশের নানা জায়গায় বৃষ্টি শুরুর ছোট ছোট গুচ্ছ আলাদাভাবে তৈরি হয়ে পরে একসঙ্গে মেলে। এপ্রিলে উত্তর-পূর্ব ভারতে, আংশিকভাবে বজ্রঝড়ের কারণে, গুচ্ছ তৈরি হতে থাকে; ১৫ মের দিকে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তরে আসা বৃষ্টির ব্যবস্থার সঙ্গে মিশে পশ্চিমে ছড়াতে শুরু করে। আলাদা একটি গুচ্ছ তৈরি হয় উপদ্বীপে, বিশেষ করে কেরালায়, আর ৯ জুনের দিকে দুটি মিশে গিয়ে বর্ষা প্রতিষ্ঠিত হয়।
গবেষণার সহলেখক, আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর আই সুজিত বলেন, "আমাদের গবেষণার মূল কথা হলো, কোনো জায়গায় বর্ষার আগমন মানেই সেখানে প্রথম বৃষ্টি নয়।" গবেষণার সংজ্ঞায়, কোনো জায়গার বৃষ্টি যখন ক্ষণিকের স্থানীয় আবহাওয়া না থেকে সবচেয়ে বড় সংযুক্ত গুচ্ছের অংশ হয়ে যায়, তখনই সেখানে বর্ষা শুরু।
এই মাপকাঠিতে উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে বড় পরিসরের বর্ষাকাল স্থানীয়ভাবে নির্ধারিত বর্ষাকালের চেয়ে ২০-৩০ দিন ছোট। গবেষকেরা বর্ষার বিদায়ও চিহ্নিত করেছেন: উত্তর-পশ্চিম ভারত থেকে ২২ সেপ্টেম্বরের দিকে শুরু হয়ে ২২ অক্টোবরের মধ্যে দেশের বেশির ভাগ এলাকা থেকে দ্রুত সরে যায়, উপদ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে চলে ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালে এ পদ্ধতিতে উপদ্বীপে বড় পরিসরের বর্ষা শুরুর তারিখ পাওয়া গেছে ২২ জুন; মুম্বাইয়ে ভারী বৃষ্টি হয় ২৪ জুন, দিল্লিতে ১ জুলাইয়ের মধ্যে।
গবেষকেরা বলছেন, এ পদ্ধতি কৃষি পরিকল্পনায় বিচ্ছিন্ন বৃষ্টিকে বর্ষার আগমন ভেবে ভুল করা ঠেকাতে পারে। সুজিত বলেন, "ভুল সূচনা এড়িয়ে প্রতিটি জায়গায় বড় পরিসরের বর্ষা শুরু নির্ধারণের এই নতুন দৃষ্টিভঙ্গি কৃষককে বপনের সময় দেবে এবং খাদ্যনিরাপত্তা ও পানিসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনায় নীতিনির্ধারকদের সাহায্য করবে।" গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এসটি রাডার সেন্টারের সহলেখক বি এন গোস্বামী জানান, পদ্ধতিটি প্রচলিত সংজ্ঞার বিকল্প নয়, পরিপূরক।
ছবি: PlaneMad / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: ডাউন টু আর্থ



মন্তব্য
(০)