পঞ্চগড়ে অসময়ের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান। এতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার আধাপাকা ধান ঝরে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর ও দৌলতপুর, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাটিয়াপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার তিরনিহাট ও রণচণ্ডী এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে বোদা উপজেলায় প্রায় ১০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার রফিকুল হক বলেন, তাদের এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। সকালে ধানখেতে গিয়ে দেখেন, ধান ঝরে মাটিতে পড়ে আছে।
একই এলাকার অবিনাশ চন্দ্র বলেন, দুই বিঘা জমি বর্গা নিয়ে আমন ধানের চাষ করেছেন। গত রাতের বৃষ্টিতে তার সব ধানগাছ নষ্ট হয়ে গেছে।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুর নবী বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণে সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। এ সময়ে এমন বৃষ্টিতে ক্ষতি হবে, তা তারা ধারণা করেননি। এ মৌসুমে সাধারণত এমন আবহাওয়া দেখা যায় না।
সফিকুল আলম/কেএইচকে


মন্তব্য
(০)