ভারত জিনগতভাবে পরিবর্তিত বা জিএম পণ্য আমদানি করতে দেবে না, আর বাণিজ্য চুক্তিতে দেশের দুগ্ধশিল্প সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। রুরাল ভয়েস জানায়, মঙ্গলবার নয়াদিল্লির কিরোরি মল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভারত কখনো জিএম পণ্য আমদানির অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
গোয়েল বলেন, কোনো জিএম পণ্য যাতে ভারতে না আসে, সে বিষয়ে সরকার খুবই সংবেদনশীল। বাণিজ্য আলোচনায় দুগ্ধ, সামুদ্রিক পণ্য ও আরও কিছু কৃষিপণ্যের সঙ্গে এই বিষয়টিকেও তিনি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করেন।
দুগ্ধ খাত নিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত সম্পাদিত কোনো মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারত এ খাতে শুল্কছাড় দেয়নি। কিছু দেশে পনির তৈরিতে বাছুর থেকে নেওয়া রেনেট ব্যবহারের মতো ধর্মীয় সংবেদনশীলতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, সেই সংবেদনশীলতা রক্ষায় আমদানি করা দুগ্ধপণ্যকে ভারতের সনদের শর্ত পূরণ করতে হয়।
গোয়েল জানান, সম্পাদিত বাণিজ্য চুক্তিগুলোতে স্পর্শকাতর পণ্যে ভারত কোনো আপস করেনি, কৃষক, জেলে ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে বস্ত্র ও ওষুধের মতো প্রতিযোগিতামূলক খাতে ভারতীয় পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা চাওয়া হচ্ছে। চলতি অর্থবছরে সরকার ১ লাখ কোটি ডলার রপ্তানির লক্ষ্য ধরেছে বলে জানান তিনি।
প্রতিবেদনটি রুরাল ভয়েসের।
ছবি: Shariquejamalworld / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Rural Voice





মন্তব্য
(০)