খাবারের বর্জ্যকে প্রোটিনসমৃদ্ধ পশুখাদ্যে পরিণত করার কম খরচের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন ভারতের বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (বিটস পিলানি) হায়দরাবাদ ক্যাম্পাসের গবেষকেরা। এতে কাজ করে ব্ল্যাক সোলজার ফ্লাই নামের মাছির লার্ভা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি ইউনিটের খরচ ২,৫০০ রুপি।
এই লার্ভায় প্রায় ২০ শতাংশ প্রোটিন ও ২৫ শতাংশ চর্বি থাকে, তাই মুরগি, শূকর ও মাছ চাষে এটি বিকল্প খাদ্য-উপাদান হতে পারে। লার্ভা খাওয়ার পর যে অবশিষ্ট জৈব পদার্থ থাকে, যাকে ফ্রাস বলে, তা মাটির উন্নয়নেও কাজে লাগতে পারে।
যন্ত্রটি পোকাটির খাওয়ার ক্ষমতাকেই কাজে লাগায়। লার্ভাগুলো সবজি, ফল ও রান্না করা খাবারের বর্জ্য খেয়ে প্রায় দুই সপ্তাহের খাওয়ার চক্রে সেগুলোকে পুষ্টিকর জৈববস্তুতে পরিণত করে, যা প্রচলিত কম্পোস্টের চেয়ে অনেক দ্রুত; কম্পোস্টে লাগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। এ কথা বলেছেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক শংকর গণেশ পালানি, যিনি তাঁর গবেষক ড. আতুন রায় চৌধুরীর (Atun Roy Choudhury) সঙ্গে যন্ত্রটি তৈরি করেছেন।
ড. আতুন রায় বলেন, "ব্ল্যাক সোলজার ফ্লাই নিরীহ পোকা। এর লার্ভা সবজি ও ফলের বর্জ্য, রান্না করা খাবার ও গোবর খায়। দুই সপ্তাহের লার্ভা দশাতেই এরা বেশির ভাগ খাওয়া সারে এবং উষ্ণ রক্তের প্রাণীর চেয়ে অনেক দক্ষভাবে বর্জ্যকে দেহের ভরে পরিণত করে।"
যন্ত্রটি তৈরি হয়েছে হার্ডওয়্যারের দোকানে পাওয়া জিনিস দিয়ে: ডিম পাড়া ও ফোটানোর একটি পাত্র আর তার সঙ্গে লার্ভা সংগ্রহের একটি বালতি। নারকেলের ছোবড়া ও বালুর ৭-৮ সেন্টিমিটার স্তর চুইয়ে পড়া তরল ছেঁকে নেয়; সেই তরল আবার ঘুরিয়ে দিয়ে আর্দ্রতা ৫০-৬০ শতাংশে রাখা হয়, যাতে পূর্ণবয়স্ক লার্ভা নিজেরাই সংগ্রহের বালতিতে চলে যায় এবং হাতে নাড়াচাড়া কম লাগে।
প্রাথমিক পরীক্ষায় ২০ দিন ধরে দিনে প্রায় ২ কেজি লার্ভা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বলছে, বন্ধ নকশার কারণে দুর্গন্ধের সমস্যাও মিটছে, যা জৈব বর্জ্য জায়গায় প্রক্রিয়াজাত করার বড় আপত্তিগুলোর একটি। হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক সমিতি আলাদা করা ভেজা বর্জ্য উৎসের কাছেই প্রক্রিয়াজাত করতে এটি ব্যবহার করতে পারে।
প্রতিবেদনটি লিখেছেন রাজশ্রী সিং।
ছবি: Vengolis / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Rural Voice





মন্তব্য
(০)