যুক্তরাজ্যে পশুর টিকার ব্যাচ বাজারে ছাড়ার আগে মান যাচাইয়ে এক দশক আগের চেয়ে অনেক কম প্রাণী ব্যবহার হচ্ছে। দেশটির ভেটেরিনারি মেডিসিনস ডিরেক্টরেটের (ভিএমডি) নতুন পরিসংখ্যানে এ তথ্য এসেছে।
প্রতি ব্যাচ টিকার মান, নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ে গড়ে প্রাণী লাগত ২০১৩ সালে ২৯টি, ২০২৪ সালে ১৭টি — কমেছে ৪১ শতাংশ। বাজারে ছাড়া টিকার সংখ্যা বাড়লেও মোট প্রাণী ব্যবহার কমেছে ২৯ শতাংশ। মান নিয়ন্ত্রণে কোনো প্রাণী-পরীক্ষা লাগে এমন টিকার হার ৭৪ থেকে নেমে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।
ভিএমডি বলছে, বিজ্ঞানের অগ্রগতি ও পরীক্ষার নিয়ম বদলে প্রাণী-পরীক্ষার বিকল্প ক্রমেই ব্যবহার করা যাচ্ছে; ২০১৩ সালে নিয়মিত 'টার্গেট অ্যানিমেল ব্যাচ সেফটি টেস্ট' বাতিল ছিল বড় মোড়, যাতে বছরে কয়েক হাজার প্রাণীর ব্যবহার কমেছে।
তবে সব ধরনের টিকায় এখনো প্রাণী-পরীক্ষার বিকল্প আসেনি; কিছু টিকার ক্ষেত্রে তা বৈজ্ঞানিক ও কারিগরিভাবে কঠিন। খামারি, পশুচিকিৎসক ও পোষা প্রাণীর মালিকদের জন্য টিকা নিরাপদ ও কার্যকর রেখেই আরও কমাতে বিজ্ঞানী, নিয়ন্ত্রক ও শিল্পের সঙ্গে কাজ চলছে।
যুক্তরাজ্যের জৈবনিরাপত্তা বিষয়ক মন্ত্রী ব্যারোনেস হেম্যান বলেন, উন্নত বিজ্ঞানের কারণে প্রাণী-পরীক্ষা কমিয়েও কৃষকদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা যাচ্ছে।
প্রতিবেদনটি লিখেছেন অ্যালিস্টার ড্রাইভার।
ছবি: USDA ARS / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: Pig World





মন্তব্য
(০)