এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিষ্টির দোকানে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। ফলের দিনে অভিভাবক ও স্বজনেরা সাধারণত মিষ্টি কিনতে দোকানে ভিড় করেন, এবার পাসের হার কম হওয়ায় বিক্রি পড়ে গেছে বলে জানিয়েছেন দোকানিরা।
বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, আলাউদ্দিন সুইট, আজিজিয়া মিষ্টান্ন ভাণ্ডার, রস, মুসলিম সুইট ও কুমিল্লা রসমালাইসহ বিভিন্ন দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত বেচাকেনা ছিল সামান্য।
ফকিরাপুলের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী রুদ্র কুমার ঘোষ বলেন, তাঁদের কোনো শাখায় সকাল থেকে কোনো শিক্ষার্থীর অভিভাবক মিষ্টি কিনতে আসেননি। এসএসসির ফলের সময় যে পরিমাণ বিক্রি হয়েছিল, এবার তার এক ভাগও হবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
নয়াপল্টনের গ্র্যান্ড আলাউদ্দিন সুইটমিটের স্বত্বাধিকারী ফেরদৌস শ্যামল জানান, থেমে থেমে বৃষ্টি আর কম পাসের হারে বিক্রি নেই বললেই চলে, অথচ দিনটির জন্য তাঁরা বাড়তি মিষ্টি বানিয়েছিলেন। দোলাইপাড়ের আজিজিয়া মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সোহানুর রহমান বলেন, দুপুর পর্যন্ত এক কেজি মিষ্টিও বিক্রি হয়নি।
দোকানিদের আশা, বিকেল বা সন্ধ্যার পর কিছুটা বিক্রি বাড়বে।
প্রতিবেদন: বাংলা নিউজ ২৪।
ছবি: Nupur Das Gupta / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: বাংলা নিউজ ২৪


মন্তব্য
(০)