কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচরের মোহাম্মদ আলম তিন মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর প্রথম তাঁর ভিটা সাগরে যায়, তারপর আবার, এভাবে সব জমিই বিলীন হয়েছে। সত্তরোর্ধ্ব আলম ১৬ বছর ধরে পরিবার নিয়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া সৈকতে থাকেন। আজকের পত্রিকা জানিয়েছে, এমন শত শত মানুষ ভাঙনে ঘর হারিয়ে শহরে, পাহাড়ি এলাকা ও খাসজমিতে আশ্রয় নিয়েছেন।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ২০২১ সাল থেকে ভাঙন বেড়েছে, কুতুবদিয়া, মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা থেকে শহর হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত। বিলীন হচ্ছে বালিয়াড়ি ও ঝাউবন, হুমকিতে বসতি, সড়ক ও স্থাপনা। তবে কতটা ভূমি গেছে, ভাঙনের হার কত বেড়েছে, আর ঢেউ, জোয়ার, জলোচ্ছ্বাস না সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কোনটির ভূমিকা বেশি, সে বিষয়ে সমন্বিত হালনাগাদ তথ্য নেই।
চলতি বছরের জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত অন্তত ১২ দফা বৈরী আবহাওয়ায় সমুদ্রবন্দরে সতর্কসংকেত দেওয়া হয়; কোথাও বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি লোকালয়ে ঢোকে। বোরির সামুদ্রিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া ভাঙন তীব্র হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করেন। তাঁর ২০২৪ সালের গবেষণায় শহরের বালিয়াড়ির কয়েকটি স্তরে প্লাস্টিক পাওয়া গেছে, যা মাটির বন্ধন দুর্বল করে ভাঙন বাড়াচ্ছে এবং বালিয়াড়ি পুনর্গঠনে বাধা দিচ্ছে। বোরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, পাহাড় থেকে সাগরে পানি নামার প্রাকৃতিক ছড়াগুলোর বেশির ভাগই হারিয়ে গেছে।
ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দিলেও বেশির ভাগ ব্যাগ ছিঁড়ে সাগরে তলিয়ে গেছে। ঝুঁকিতে আছে নাজিরারটেকের বিমানবাহিনীর ঘাঁটি, মোটেল শৈবাল, ক্রিকেট স্টেডিয়াম, মেরিন ড্রাইভ, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও কুতুবদিয়ার বাড়িঘর। কয়েক বছরে সাবরাং ট্যুরিজম পার্কের প্রায় ৫০০ একর ভূমি সাগরে গেছে। নাজিরারটেক থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সৈকতে পানির নিচে গভীর খাদ তৈরি হয়েছে।
গবেষণার তথ্যও উদ্বেগ বাড়াচ্ছে। টার্কিশ জার্নাল অব রিমোট সেন্সিংয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত গবেষণায় নাজিরারটেক থেকে ইনানী পর্যন্ত ৭২.৪৬ বর্গকিলোমিটারের ৪৭.৬৫ শতাংশ এলাকা উচ্চ ভাঙনঝুঁকিতে পাওয়া গেছে। ২০২৫ সালের জুলাইয়ের আরেক গবেষণায় ১৯৮৯ থেকে ২০২৪ সালের স্যাটেলাইট চিত্রে কক্সবাজার-টেকনাফ উপকূলে ১,০৮৫ হেক্টর ভূমি বিলীন এবং ২৮৪ হেক্টর নতুন ভূমি জাগার হিসাব মিলেছে। সিইজিআইএসের গবেষণায় কক্সবাজারে বছরে গড়ে ৫.০৫ মিলিমিটার এবং মহেশখালীতে ৭.৫ মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠ বাড়ছে।
বোরির মহাপরিচালক কমোডর শেখ শাহীদ আহমেদ বলেন, উপকূলে সমুদ্রপৃষ্ঠ কতটা বেড়েছে তা জানতে আরও গবেষণা দরকার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবেদনটি আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইনউদ্দিন শাহেদের।
ছবি: Thomas Faraday / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: আজকের পত্রিকা




মন্তব্য
(০)