পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে সুড়ঙ্গ খুঁড়ে রবিবার বেরিয়ে গেছে বছর তিনেকের বাঘিনি বিটিআর টিএফ-১, স্থানীয়ভাবে যার নাম ডুয়ার্সরানি। সোমবার সন্ধ্যা পর্যন্ত ফেরার ইঙ্গিত নেই; আগের মতোই সে পূর্ব দিকে অসমের রায়মোনা টাইগার রিজার্ভের পথে এগোচ্ছে। বালা নদী, জয়ন্তী জনপদ ও জয়ন্তী নদী পার হয়ে সে এখন পানবাড়ি বিটের চুনিয়া টাওয়ারের কাছের ঘন জঙ্গলে আছে বলে জানিয়েছে বন দপ্তর, খবর কলকাতার এই সময়ের।
বাঘিনিটিকে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সায় আনা হয়েছিল বাঘ পুনর্বাসন প্রকল্পে। ২৯ সেপ্টেম্বর ঘুমপাড়ানি গুলিতে ধরার সময় সে সুস্থ ছিল। গোরক্ষপুর বিমানঘাঁটিতে তন্দ্রা কাটাতে দ্বিতীয়বার প্রতিষেধক দেওয়ার পর সে খাঁচায় আক্রমণাত্মক হয়ে ওঠে। ১ অক্টোবর বক্সার এনক্লোজারে রেডিও কলার পরানোর সময় দেখা যায়, সামনের দুই পায়ের সব আঙুল-নখে জখম, কয়েকটি নখ ভেঙে গেছে, নাকেও ক্ষত।
পত্রিকাটি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের সূত্রে জানিয়েছে, ১৫ অক্টোবর দিল্লিতে পর্যালোচনা সভায় গ্লোবাল টাইগার ফোরামের মহাসচিব ও বক্সা বিশেষজ্ঞ কমিটির সদস্য রাজেশ গোপাল প্রশ্ন তোলেন, এত জখম নিয়ে কেন ২ অক্টোবর বাঘিনিকে মুক্ত জঙ্গলে ছাড়া হলো। সভায় বলা হয়, ক্ষত সারার আগে তাকে ছাড়া উচিত হয়নি। বিশেষজ্ঞরা বাল্মীকি থেকে আর বাঘ না এনে অসমের মানস বা কাজিরাঙার মতো কাছের বন থেকে আনার সুপারিশ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বাঘিনিটি ২৩ অক্টোবর বক্সা পেরিয়ে অসমে ঢুকে পড়েছিল; ৩ নভেম্বর ঘুমপাড়ানি গুলিতে কাবু করে তাকে ফেরানো হয়। এনক্লোজার পরীক্ষা করে বনকর্তারা দেখেছেন, জখম নখ নিয়েও সে অন্তত ১৬ জায়গায় সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করেছিল, শেষে প্রবেশদ্বারের পাশে নরম মাটি পেয়ে বেরিয়ে যায়।
সোমবার তার সুরক্ষা ও নজরদারিতে বনকর্মী ৬০ জন থেকে বাড়িয়ে ১৫০ জন করা হয়েছে, সঙ্গে আছে তিনটি কুনকি হাতি। গলার উচ্চ কম্পাঙ্কের রেডিও কলারে প্রতি ঘণ্টায় তার অবস্থান জমা হচ্ছে, মাঠপর্যায়েও নজরদারি চলছে, আর অসমকে জানানো হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বলেন, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) নির্দেশে ১০ দিনের মধ্যে তাকে মুক্ত করতেই হতো; তাকে বক্সাতেই রাখার চেষ্টা করা হবে।
প্রতিবেদনটি এই সময়ের শিলাদিত্য সাহা ও ঐশ্বর্য্য মিত্রের।
ছবি: Sandipoutsider / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এই সময়




মন্তব্য
(০)