নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম এবং নকল ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে ১৬ নভেম্বর দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ ৩৯ জেলায় অধিদপ্তরের ৫২টি দল পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে গিয়ে ১০৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে।
অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম ও সরবরাহ পর্যবেক্ষণ, বেশি দামে বিক্রি, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাত ঠেকাতে এ অভিযান। হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তাও দেখা হয়।
নারায়ণগঞ্জের শহীদনগর ও কুতুবপুর এলাকায় শিশুখাদ্য তৈরির প্রতিষ্ঠান দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্টে গিয়ে দেখা যায়, এর কয়েকটি চিপস ও স্টিক পণ্যের প্রয়োজনীয় অনুমোদন নেই। মোড়কে প্রকৃত সনদ ছাড়াই হালাল লোগো ও ভুয়া মান সনদ চিহ্ন, ঠিকানাবিহীন নন-ফুড গ্রেড রং ব্যবহার এবং ভাজা চিপস অপরিচ্ছন্নভাবে রাখার প্রমাণও মেলে। সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযানে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় একটি বেকারিতে অবৈধ রং ব্যবহার, লেবেলে ঘি ও বাটারের কথা লিখে বাস্তবে তা না দেওয়া এবং নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক আফসানা পারভীন।
ক্রেতাদের প্রয়োজনের বেশি পণ্য না কেনা, কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদন ও মেয়াদের তারিখ দেখে নেওয়া, সঠিক ওজন নিশ্চিত করা ও ভাউচার রাখার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। প্রতারণার শিকার হলে হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানো যাবে।
সূত্র: বাংলা নিউজ ২৪


মন্তব্য
(০)