মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী অভিযানটি চালায়। তখন ট্রাক থেকে কার্গো বোটে সার তোলা হচ্ছিল। ৫০ কেজির ৭০০ বস্তায় মোট ৩৫ হাজার কেজি সারের বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা; সারগুলো চট্টগ্রামের কাফকো কারখানায় উৎপাদিত।
আটক দুজনের একজন ট্রাকচালক, অন্যজন হেলপার। কোস্ট গার্ডের অভিযান টের পেয়ে বাকি দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, নৌযানে মিয়ানমারে পাঠানোর জন্যই সার বাঁশবাড়িয়া ঘাটে আনা হয়েছিল। মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে ২ সেপ্টেম্বর চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার কেজি ইউরিয়া জব্দ করে কোস্ট গার্ড পূর্ব জোন; সেবার তিনজনকে আটক করা হয়।
দেশে ভর্তুকি দামে বিক্রি হওয়া ইউরিয়ার সীমান্ত পেরিয়ে যাওয়া মানে কৃষকের জন্য বরাদ্দের সারে টান পড়া। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে দুটি চালান ধরা পড়ায় পাচারচক্রের বিষয়টি নজরে এসেছে।
সূত্র: বাংলানিউজ২৪





মন্তব্য
(০)