ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে দশ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক যাত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাতকে সদরপুর হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য তার মা ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথিমধ্যে আটরশি নামক স্থানে এলে বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন এক ব্যক্তি। হাতির সামনে আসা মাত্রই হাতি টাকার জন্য শুঁড় উঁচু করলে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়। এসময় মায়ের সাথে থাকা ছোট শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় ও হাতিটি আটক করে।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাহুত বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মাদারেরচর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এন কে বি নয়ন/কেজে/জেআইএম





মন্তব্য
(০)