কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামে কৃষকদের জন্য একটি মিনি কোল্ড স্টোরেজ বা ছোট হিমাগার চালু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত এই ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ চলে সৌরশক্তি ও বিদ্যুতের হাইব্রিড ব্যবস্থায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হিমাগারটির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ।
উদ্যোগটির লক্ষ্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক কৃষকেরা যেন নিজেদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ করতে পারেন এবং ন্যায্য দাম পান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, মহাসড়ক থেকে দূরে, যোগাযোগব্যবস্থায় পিছিয়ে থাকা হিলালনগরকেই এ জন্য বেছে নেওয়া হয়েছে, যাতে এলাকার সব কৃষক এর সুবিধা নিতে পারেন।
হিমাগারটির দেখভালের দায়িত্ব স্থানীয় কৃষকদের হাতেই তুলে দেন তিনি। ইউএনও বলেন, ‘আজ থেকে কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ, আপনারাই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ করবেন।’ তাঁর মতে, এর সঠিক ব্যবহার হলে এ অঞ্চলের কৃষকসহ সাধারণ মানুষ বেশি সুফল পাবেন, আর কৃষকেরা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-মামুন সাগর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, মোহাম্মদ মিজানুর রহমান ও আবু কাওসার, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কাশিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, প্রতিদিনের সংবাদ।
সূত্র: প্রতিদিনের সংবাদ





মন্তব্য
(০)