পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে বিহার থেকে এনে ছাড়া বাঘিনির গর্ভপাত হয়েছে। পশ্চিমবঙ্গ বন দপ্তর সূত্রের বরাত দিয়ে কলকাতার দৈনিক এই সময় জানিয়েছে, গত ৭ নভেম্বর বক্সার এনক্লোজারেই বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বছর তিনেকের বাঘিনিটির গর্ভপাত হয়। পশু চিকিৎসক পরীক্ষা করে দেখেন, মাস দুয়েকের তিনটি ভ্রূণ নষ্ট হয়েছে। ভ্রূণগুলো বক্সাতেই সংরক্ষণ করা হয়েছে।
পরদিন, ৮ নভেম্বর দুপুরে বিটিআর টিএফ-১ নামের বাঘিনিটি এনক্লোজার থেকে বেরিয়ে মুক্ত জঙ্গলে চলে যায়। রাজ্যের বনমন্ত্রী দাবি করেছিলেন, বাঘিনি সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়েছে; কিন্তু তাঁর দপ্তরের একাধিক সূত্র বলছে, এনক্লোজারের ধাতব জালের ফাঁক গলেই সে বেরিয়ে যায়। ৯ নভেম্বর রাজ্যের এক শীর্ষ বনকর্তা বিশেষ কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার বক্সায় পৌঁছেছেন ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আইজি সঞ্জয়ন কুমার ও মেম্বার সেক্রেটারি সঞ্জয় পাঠক।
প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে তিনবার বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছে: ২৯ সেপ্টেম্বর বাল্মীকিতে ধরার সময়, ১ অক্টোবর বক্সার এনক্লোজারে রেডিও কলার পরানোর সময় এবং ৩ নভেম্বর অসমের রায়মোনার দক্ষিণে গেলাগুড়ির লৌসা নদীর ধারের ঝোপ থেকে ধরে ফেরানোর সময়। ২১ অক্টোবর সে বাংলা ছেড়ে অসমের রায়মোনা জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়েছিল। ৩ নভেম্বর চারটি কুনকি হাতি ও কয়েকটি আর্থ মুভার নিয়ে দিনভর তাকে ঘিরে রাখা হয়েছিল।
বিশেষজ্ঞদের প্রশ্ন, বাঘিনি যে অন্তঃসত্ত্বা, তা কেন আগে ধরা পড়ল না। এই সময় জানিয়েছে, ধরার সময় আল্ট্রাসাউন্ড পরীক্ষা হয়নি; শুধু চোখে দেখে নিশ্চিত হয়ে বাঘিনিটিকে বাছা হয়েছিল। বাল্মীকিতে গুলি করার পর বক্সার এনক্লোজারে ছাড়া পর্যন্ত ১৮ ঘণ্টা কেটেছিল, যার প্রায় পুরোটাই লোহার খাঁচায়। সে সময় রিভার্সাল অ্যান্টিডোটের প্রভাবে উত্তেজিত হয়ে বাঘিনি নিজেকে জখম করে এবং রেডিও কলারও খুলে ফেলে। ৩ নভেম্বর এলাকায় ভিড় জমে যাওয়ায় তন্দ্রা কাটানোর ওষুধ সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
অসমের কোকরাঝাড়ে বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত প্রবেশ্বর বসুমাতারি পত্রিকাটিকে বলেন, বনবস্তির মানুষ বারবার তাঁকে জানিয়েছিলেন যে বাঘিনি সন্তানসম্ভবা, তার আচরণেই তা স্পষ্ট ছিল। "আমি অসম ও বাংলার বনাধিকারিকদের সেই কথা একাধিক বার জানিয়েছিলাম। কিন্তু ওঁরা কেউই গ্রামবাসীদের কথায় কান দেননি," বলেন তিনি। বাল্মীকি টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর গৌরব ওঝা গর্ভপাত নিয়ে প্রশ্নের জবাবে বলেন, তাঁকে কেউ কিছু জানায়নি। অসমের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল সোনালি ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একাংশের ধারণা, নতুন এলাকায় মানিয়ে নেওয়ার চাপ, বারবার ঘুমপাড়ানি ওষুধ ও অ্যান্টিডোট এবং নজরদারির নামে ক্রমাগত তাড়া খাওয়ার ধকল দুই মাসের অন্তঃসত্ত্বা বাঘিনি সইতে পারেনি; বক্সায় ফেরানোর চার দিনের মাথায় গর্ভপাত হয়। এখন দেড়শো বনকর্মী ও ছয়টি কুনকি হাতি তার পেছনে রয়েছে, যাতে সে আবার অসমে ঢুকে না পড়ে।
রাজ্যের বনমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে বলেন, "ডুয়ার্সরানি" ভালো আছে। পরে তিনি বলেন, "দায় অস্বীকার করছি না। তবে বিহারের ফিট সার্টিফিকেট পেয়েই ওকে এনেছিলাম। সব দিক থেকে তদন্ত হচ্ছে।" প্রতিবেদনটি লিখেছেন শিলাদিত্য সাহা ও সহেলী বিশ্বাস।
ছবি: Kaustav Dutta / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এই সময়




মন্তব্য
(০)