মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও উৎপাদন বাড়াতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি লেকে ৩০০ কেজি মাছের পোনা ছেড়েছে মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থে বিভিন্ন জলাশয়ে চলা "পোনামাছ অবমুক্তি কার্যক্রম ২০২৬" কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ পোনা ছাড়া হয়।
ময়মনসিংহ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে বাকৃবির ঈশা খাঁ হল সংলগ্ন লেকে রুই, কাতলা ও মৃগেলের পোনা অবমুক্ত করা হয়। উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক রিপন কুমার পাল ও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানের বক্তারা জানান, পোনা অবমুক্তকরণ মৎস্য অধিদপ্তরের দীর্ঘদিনের ও সফল উদ্যোগ। উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল-কলেজের মতো প্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুরেও তাঁরা পোনা ছাড়েন। সঠিক ব্যবস্থাপনা বা সক্ষমতার অভাবে যেসব জলাশয় পড়ে থাকে, সেগুলোকেও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ২০১৮ সালেই বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, এখন উদ্বৃত্ত মাছ রপ্তানির উদ্যোগ নিতে হবে। তবে শুধু রপ্তানিযোগ্য মাছের মান নয়, দেশের মানুষের জন্যও নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদন নিশ্চিত করা দায়িত্ব বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তারা এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি করেছেন এগ্রি বার্তার মুসাদ্দিকুল ইসলাম তানভীর।
ছবি: Ibrahim Husain Meraj / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এগ্রি বার্তা



মন্তব্য
(০)