চট্টগ্রাম নগরে ফুলের বাজার বলতে প্রথমেই আসে চেরাগি পাহাড়ের নাম। এখান থেকে মোমিন রোড পর্যন্ত রয়েছে ৬২টি দোকান, আর আগ্রাবাদ, চকবাজার, প্রবর্তক মোড়, দুই নম্বর গেট, জিইসি মোড়, বহদ্দারহাট, অক্সিজেন মোড় ও কাপ্তাই রাস্তার মাথাসহ নগরের নানা এলাকায় আরও প্রায় ৪৫০টি ফুলের দোকান। বিয়ে, জন্মদিন থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠান, সব আয়োজনের ফুল যায় এখান থেকে।
ব্যবসায়ীরা জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শতাধিক বাগান থেকে আসে গোলাপ। সাতকানিয়ার চরখাগরিয়া গ্রাম থেকে আসে গ্ল্যাডিওলাস, জিপসি ও চন্দ্রমল্লিকা। বেশির ভাগ গাঁদা আসে যশোর থেকে; চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও রংপুর থেকেও নানা জাতের ফুল আনা হয়।
একসময় গোলাপের চাহিদাই ছিল সবচেয়ে বেশি, এখন সূর্যমুখী, জারবেরা, কার্নেশন, অর্কিড ও লিলির চাহিদা বাড়ছে। বর্তমানে প্রতিটি সূর্যমুখী বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়, গোলাপ ১৫ থেকে ৩০ টাকা, চায়না গোলাপ ১৩০ থেকে ১৫০ টাকা, জারবেরা ৩০ থেকে ৬০ টাকা, কার্নেশন ৫০ থেকে ৮০ টাকা, রজনীগন্ধা ২০ থেকে ৩০ টাকা, অর্কিড ২০০ থেকে ৪০০ টাকা এবং লিলি ৩৫০ থেকে ৫০০ টাকা। গাঁদার লহর ৩০ থেকে ৪০ টাকা, দেশি গ্ল্যাডিওলাস ২০ থেকে ৩০ টাকা, আর প্রতি বান্ডেল চায়না জিপসি ৩ হাজার টাকা।
শুক্র-শনিবার ও সরকারি ছুটির দিনে ক্রেতা বেশি থাকে, আর বিয়ের মৌসুমে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। চট্টগ্রাম ফুল ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও পহেলা বৈশাখে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তাঁর হিসাবে, দেশি ফুলে একটি বিয়ের গাড়ি সাজানোর খরচ শুরু আড়াই হাজার টাকা থেকে, প্রিমিয়াম বা বিদেশি ফুলে তা ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত যায়।
বাজারের নতুন চ্যালেঞ্জ প্লাস্টিকের ফুল ও আমদানি করা বাহারি ফুল, যাদের বাড়তি উপস্থিতি দেশি ফুলের বাজারে চাপ ফেলছে বলে জানান ব্যবসায়ীরা।
অপচয়ও কম নয়। গাঁদা, গাজরা ও চন্দ্রমল্লিকা সবচেয়ে বেশি নষ্ট হয়; পানি ছিটিয়ে সর্বোচ্চ পাঁচ দিন রাখা যায়, তারপর অবিক্রিত ফুল ফেলে দিতে হয়। রাতে রাস্তায় ফেলা সেই স্তূপ থেকে তুলনামূলক ভালো ফুল বেছে নেন দরিদ্র মানুষ, বাকিটা যায় ডাস্টবিনে।
ছবি: Shakibul Alam Risvy / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: বাংলা নিউজ ২৪




মন্তব্য
(০)