সেচের পানি বাঁচানোর কাজ অনেক সময় শুরু হয় একটা কোদাল দিয়ে, গাছের নিচে খুঁড়ে শিকড় আর পানি কত গভীরে যাচ্ছে তা দেখে। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের ব্যারিডেলে (Barrydale) ৬ নভেম্বর কারু আর্ট হোটেলে আয়োজিত ব্যারিডেল ইন ব্লুম টেকনিক্যাল এগ্রিকালচারাল ডেতে এ কথা বলেন তিন বিশেষজ্ঞ: পুনরুদ্ধার পরিবেশবিদ শেলি ফুলার (Shelly Fuller) এবং মৃত্তিকাবিজ্ঞানী বেনি ডিডেরিক্স (Bennie Diedericks) ও ড. পিটার রাথ (Pieter Raath)।
ফুলার বলেন, পুনরুৎপাদনশীল কৃষি জটিল বা ব্যয়বহুল হতে হবে এমন নয়; খামারে যা আছে, তা দিয়েই শুরু করা যায়। নদী ও জলাধারের অববাহিকা থেকে বেশি পানি টানা আগ্রাসী বিদেশি গাছ সরালে পানি বাড়ে, আগুনের জ্বালানিও কমে। খামারে আচ্ছাদন ফসল আর মালচ বাষ্পীভবন কমায়, পানি মাটিতে ঢুকতে সাহায্য করে, গাছের চারপাশের তাপমাত্রা সহনীয় রাখে। তবে পদ্ধতি হতে হবে স্থানের উপযোগী; স্টেলেনবশে যা চলে, শুকনো কারুতে তা বদলাতে হতে পারে। তিনি ছোট পরীক্ষা দিয়ে শুরু করে প্রতিবেশীদের সঙ্গে ফলাফল ভাগ করার পরামর্শ দেন।
ডিডেরিক্স বলেন ফসলের বৈচিত্র্য বাড়ানো, মাটি সব সময় ঢেকে রাখা, মাটিতে জীবন্ত শিকড় রাখা আর উপযুক্ত হলে প্রাণী যুক্ত করার কথা। শুধু গরু-ভেড়া নয়, মুরগি আর মৌমাছিও আগাছা সামলাতে, পরাগায়নে আর মাটির উর্বরতায় কাজে আসে, সঙ্গে মাংস, ডিম বা মধু থেকে বাড়তি আয়। শীতের আচ্ছাদন ফসলের অবশেষ গ্রীষ্মে মাটির ওপর থেকে বাষ্পীভবন কমায়, তবে পানির টান থাকলে সেচের সূচি বদলাতে হতে পারে।
রাথ শুরু করেন দুটি প্রশ্নে: কত পানি পাওয়া যায়, আর সেই পানি কতটা উৎপাদনশীলভাবে খরচ হচ্ছে। তাঁর মতে, এক কেজি ফসলে কত পানি লাগে আর সেই কেজি থেকে কত আয় হয়, কৃষকের তা জানা উচিত। ফুটো পাইপ, বন্ধ ড্রিপার আর নষ্ট স্প্রিংকলার কিছু গাছকে শুকনো আর কিছুকে অতিরিক্ত ভেজা রাখে; শুকনো জায়গা ভেজাতে সেচের সময় বাড়ালে অন্যখানে অপচয় বাড়ে। কখন, কতটা সেচ দেবেন, তা ঠিক হওয়া উচিত মাটির আর্দ্রতা, আবহাওয়া আর গাছের বৃদ্ধির পর্যায় দেখে, বাঁধা রুটিনে নয়।
সেন্সর সাহায্য করে, তবে তার পাঠ মাঠে মিলিয়ে দেখতে হবে, বলেন রাথ। খুঁড়লে বোঝা যায় শিকড় কোথায়, পানি সক্রিয় শিকড়ের স্তরে পৌঁছাচ্ছে নাকি তার নিচে চলে যাচ্ছে বা নিচের স্তর জলাবদ্ধ করছে। তীব্র সংকটে বাগানের কোন অংশ বেশি উৎপাদনশীল ও লাভজনক তা দেখে আগে সেখানে পানি দিতে হতে পারে; গাছে ফলের ভার সামঞ্জস্য করে আর অতিরিক্ত পাতার বৃদ্ধি সীমিত রেখেও পানির চাহিদা কমানো যায়।
ছবি: Winfried Bruenken / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)। ছবিতে ব্যারিডেল শহর।
সূত্র: ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা




মন্তব্য
(০)