ফ্রান্সের কৃষি রোবট নির্মাতা নাইও টেকনোলজিস (Naïo Technologies) স্যাঙ্কা (SANKA) নামে একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যন্ত্র এনেছে, যা খামারে আগে থেকে থাকা ঘাস কাটার যন্ত্র, কাল্টিভেটর বা স্প্রেয়ার টানতে পারে। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি যে আগাছা নিড়ানো ও বীজ বোনার রোবট বিক্রি করছে, সেগুলো একেকটি কাজের জন্য তৈরি; স্যাঙ্কা সেখান থেকে আলাদা। ১০ নভেম্বর ইতালির বোলোনিয়ায় এইমা (EIMA) কৃষিযন্ত্র মেলায় এটি দেখানো হয় এবং মেলার কারিগরি প্যানেল একে "২০২৬ টেকনিক্যাল ইভোলিউশন" পুরস্কার দেয়।
যন্ত্রটির ওজন ২.২ টন, চলে ট্র্যাকে (চেইন চাকা), বহন করতে পারে এক টন পর্যন্ত যন্ত্রাংশ। এতে সাধারণ ট্রাক্টরের মতোই থ্রি-পয়েন্ট হিচ, পাওয়ার টেক-অফ শ্যাফট ও হাইড্রোলিক ব্লক আছে। নাইওর যুক্তি, রোবটের জন্য আলাদা যন্ত্র কিনতে না হওয়ায় স্বয়ংক্রিয়করণের শুরুর খরচ কমে।
তুলুজের কাছে এস্কালকেন্সে অবস্থিত প্রতিষ্ঠানটি জানায়, চার মৌসুম ধরে মাঠে এর পরীক্ষা হয়েছে। ১৫ বছরের বেশি সময় ধরে তৈরি নিজস্ব দিকনির্দেশনা সফটওয়্যার আর সেন্টিমিটার মাপে নির্ভুল আরটিকে-জিপিএস দিয়ে এটি পথ চেনে। মানুষ শনাক্ত করার ক্যামেরা থাকায় দিনে বা রাতে তদারক ছাড়াই কাজ করতে পারে। নাইওর হিসাবে, এটি ঘণ্টায় ৬ কিলোমিটার পর্যন্ত গতিতে, ৩০ শতাংশ পর্যন্ত ঢালে, পুরো একটি কর্মদিবস একা চলতে পারে; হেক্টরপ্রতি জ্বালানি খরচ ১.৩০ ইউরোর কম।
ট্র্যাকযুক্ত নিচের অংশটি টায়ার নির্মাতা মিশলাঁর (Michelin) সঙ্গে ২০২৪ সালে শুরু হওয়া গবেষণা অংশীদারত্বে তৈরি। ওজন ভারসাম্যের একটি ব্যবস্থা উঁচু-নিচু ও ঢালু জমিতে আঁকড়ে থাকতে এবং চাকার তুলনায় মাটি কম চেপে বসাতে সাহায্য করবে বলে দাবি, তবে মাটি চাপার কোনো পরিমাপ প্রকাশ করা হয়নি।
চওড়া সারির আঙুরক্ষেত, ফলবাগান, স্ট্রবেরি জাতীয় নরম ফল, নার্সারি এবং কৃষিজমিতে সৌর প্যানেল বসানো অ্যাগ্রিভোল্টাইক খামার এর লক্ষ্য; প্রধান কাজ যান্ত্রিক নিড়ানি ও চাষ। নাইও বলছে, পাঁচ মহাদেশে তাদের ৩৫০টির বেশি একক কাজের রোবট চলছে।
স্যাঙ্কা এখন প্রাক-সিরিজ উৎপাদনে যাচ্ছে, প্রথম সরবরাহ ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে। ফরাসি সরকারের ফ্রান্স ২০৩০ কর্মসূচি, রাষ্ট্রীয় ব্যাংক বিপিআইফ্রান্স, বিনিয়োগকারী মিরোভা ও অক্সিতানি অঞ্চল প্রকল্পে অর্থ দিয়েছে। সাধারণ ট্রাক্টরের সঙ্গে খরচের তুলনা নাইও প্রকাশ করেনি।
ছবি: Hahn Family Wines / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: গ্লোবাল এগ্রিকালচার




মন্তব্য
(০)