একসময় শহর বা গ্রামের প্রতিটি পাড়ায় দেখা মিলত ছোট-বড় অসংখ্য পুকুর বা জলাশয়। বাড়ির পাশের পুকুরে বা জলাশয়ে শিশুদের সাঁতার শেখা, গোসল করতে নামা, গবাদিপশুকে গোসল করানো, মাছ ধরার আয়োজন কিংবা নারীদের গৃহস্থালির কাজের সঙ্গেই জড়িয়ে আছে। বর্ষায় পানিতে টইটুম্বুর পুকুর আর শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা জলাশয় ছিল গ্রামের চিরচেনা সৌন্দর্যের অংশ। পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা নানা ধরনের গাছ যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্কের গল্প বলত। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই দৃশ্য।
অনেক এলাকায় এখন পুকুর বা জলাশয়ের জায়গায় গড়ে উঠেছে বসতবাড়ি, দোকানপাট কিংবা বিভিন্ন স্থাপনা। ব্যক্তিমালিকানাধীন জলাশয় ভরাটের পাশাপাশি সরকারি ও খাসজমির পুকুরও নানা কারণে অস্তিত্ব হারাচ্ছে। ফলে শুধু সৌন্দর্যই কমছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যও।
পুকুর বা জলাশয় ঘিরেই গ্রামীণ জীবনের গল্প
পুকুর শুধু পানি সংরক্ষণের জায়গা ছিল না বরং মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। পুকুর থেকে আশপাশের কৃষি জমিতে পানি দেওয়া হতো, পুকুরে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ গোসল করতেন, নারীরা থালাবাসন পরিষ্কার করতেন, গবাদিপশুকে গোসল করানো হতো। অনেক পরিবার পুকুরে মাছ চাষ করে বাড়তি আয় করতেন। গ্রামের শিশুদের সাঁতার শেখার অন্যতম জায়গা ছিল এসব পুকুর। বর্ষাকালে পুকুরে মাছের আনাগোনা, পানিতে হাঁসের সাঁতার আর পাড়ে সবুজ গাছপালা মিলিয়ে তৈরি হতো এক চেনা পরিবেশ।
এখনো অনেক গ্রামে বা মহল্লায় পুকুর আছে। তবে আগের মতো সংখ্যায় কিংবা স্বাভাবিক অবস্থায় সেগুলো সব জায়গায় দেখা মেলে না। কোনোটি ময়লা-আবর্জনায় ভরে গেছে, কোনোটি দখল হয়ে সংকুচিত হয়েছে। আবার কোনোটি পুরোপুরি মাটিচাপা পড়েছে। কোথাও আবার পুকুরের পানি শুকিয়ে খালি পড়ে আছে। সব মিলিয়ে নতুন প্রজন্মের অনেক শিশুই সেই চিরচেনা পুকুরপাড়ের পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।
দেশি মাছের চাহিদা পূরণে পুকুরের ভূমিকা
পুকুরগুলো দেশি মাছের অন্যতম প্রধান উৎস। এসব পুকুরে শিং, মাগুর, কৈ, টাকি, শোল, পুঁটি, মলা, ঢেলা ও টেংরাসহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত। বন্যার পানির সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ পুকুরে প্রবেশ করত। পরে মাছের বংশবৃদ্ধি ও পোনা বড় হওয়ার মাধ্যমে পুকুরগুলোতে মাছের সংখ্যা বাড়ত। পুকুরের মালিকদের পাশাপাশি প্রতিবেশীরাও এসব জলাশয় থেকে মাছ ধরতেন। এতে পরিবারের মাছের চাহিদার বড় একটি অংশ পূরণ হতো। অনেক পরিবার পুকুরে দেশীয় মাছ ধরে বা মাছ চাষ করে বাজারেও বিক্রি করতো। কিন্তু পুকুরের সংখ্যা কমে যাওয়ায় দেশি মাছের এসব সহজলভ্য উৎসও কমে গেছে।
পুকুর বা জলাশয় কমে যাওয়ার কারণ
পুকুর বা জলাশয় কমে যাওয়ার অন্যতম কারণ বসতবাড়ির সম্প্রসারণ। পরিবারের সদস্যসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ঘর নির্মাণের প্রয়োজন দেখা দেয়। অনেক ক্ষেত্রে বাড়ির আঙিনা বড় করতে কিংবা নতুন স্থাপনা নির্মাণের জন্য পুকুর ভরাট করা হচ্ছে। জমির দাম বৃদ্ধি এবং বসতভিটার চাহিদাও এ প্রবণতাকে উৎসাহিত করছে।
এ ছাড়া মাছ চাষের অনুপযোগিতা, পুকুরের মালিকানা নিয়ে বিরোধ এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেও অনেক জলাশয় হারিয়ে যাচ্ছে। কোথাও পুকুরের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় মালিকেরা তা ভরাট করে অন্য কাজে ব্যবহার করছেন। আবার কিছু এলাকায় অপরিকল্পিতভাবে মাটি ফেলে পুকুরের আয়তন ছোট করে ফেলা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য
পুকুর একটি এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব জলাশয়ে মাছ, ব্যাঙ, শামুক, জলজ পোকামাকড়সহ নানা প্রাণীর বসবাস। পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি খাবার সংগ্রহ ও পানি পান করতে পুকুরে আসে। পুকুরের পানি ও আশপাশের গাছপালা মিলে তৈরি করে ছোট একটি জীববৈচিত্র্যপূর্ণ পরিবেশ। তবে পুকুর ভরাট হলে এসব প্রাণীর আবাসস্থল ও খাদ্যের উৎস কমে যায়। জলজ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জীবনচক্রও বাধাগ্রস্ত হয়। বিশেষ করে ব্যাঙ ও বিভিন্ন জলজ পোকামাকড় কমে গেলে খাদ্যশৃঙ্খলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পুকুর স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। আশপাশের পরিবেশকে তুলনামূলক শীতল রাখতে এবং বৃষ্টির পানি ধরে রাখতে এসব জলাশয়ের গুরুত্ব আছে। পুকুর কমে গেলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরির ঝুঁকিও বাড়তে পারে। একইসঙ্গে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ প্রক্রিয়ায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
হারিয়ে যাচ্ছে ঐতিহ্য
পুকুর হারিয়ে যাওয়া মানে শুধু পরিবেশগত সংকট নয়, এটি ঐতিহ্য ও জীবনযাত্রার পরিবর্তনেরও প্রতিচ্ছবি। একসময় পুকুরপাড়ে বসে গল্প করা, শিশুদের সাঁতার শেখা, মাছ ধরার উৎসব কিংবা বর্ষায় পানিতে ডুবে থাকা পুকুরপাড়ের দৃশ্য ছিল জীবনের স্বাভাবিক অংশ। অনেক এলাকায় পারিবারিক ও সামাজিক নানা আয়োজনেও পুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
সংরক্ষণে প্রয়োজন সচেতনতা ও উদ্যোগ
পুকুর রক্ষা করতে হলে প্রথমেই প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। শুধু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় মানুষকেও জলাশয় সংরক্ষণে এগিয়ে আসতে হবে। নতুন বসতবাড়ি নির্মাণ কিংবা উন্নয়নকাজের ক্ষেত্রে পুকুর ও জলাশয় রক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে। পরিত্যক্ত ও দূষিত পুকুর সংস্কার করে মাছ চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা সম্ভব।
সবুজ-শ্যামল সৌন্দর্য শুধু গাছপালা কিংবা ফসলের মাঠে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মিশে আছে পুকুর, খাল-বিল ও জলাশয়ের অস্তিত্ব। একটি পুকুর হারিয়ে যাওয়া মানে প্রকৃতির একটি ছোট্ট আবাসস্থল, মানুষের শৈশবের স্মৃতি এবং জীবনের চিরচেনা একটি অধ্যায়ও হারিয়ে যাওয়া। উন্নয়নের প্রয়োজনে নতুন স্থাপনা তৈরি হোক, বদলে যাক জীবনযাত্রা, কিন্তু সেই পরিবর্তনের ভিড়ে যেন হারিয়ে না যায় প্রাণের পুকুর বা জলাশয়।




মন্তব্য
(০)