আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট (CIMMYT) মেক্সিকোর তেক্সকোকোতে তাদের জিন ব্যাংক থেকে ভুট্টা ও গমের চার হাজারের বেশি নমুনা নরওয়ের সভালবার্ড গ্লোবাল সিড ভল্টে পাঠিয়েছে। এতে সেইসব সংগ্রহের নিরাপত্তা অনুলিপি বাড়ল, যেগুলোর মধ্যে রোগ, খরা, তাপ ও খাদ্য উৎপাদনের অন্যান্য চাপ মোকাবিলায় কাজে লাগার মতো বৈশিষ্ট্য থাকতে পারে। সাতটি বাক্সে চালানটি রওনা হয় ২৪ সেপ্টেম্বর।
সিমিটের জার্মপ্লাজম ব্যাংকে প্রায় ২৮,৬৩০টি ভুট্টার এবং ১,২৪,০০০টির বেশি গমের নমুনা (অ্যাকসেশন) সংরক্ষিত আছে; প্রতিটি নমুনার পরিচয় ও উৎস নথিভুক্ত, আর প্রতিটি ফসলটির বৈচিত্র্যের একটি অংশের প্রতিনিধি। এগুলো বৈশ্বিক জনসম্পদ হিসেবে রাখা হয় এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে গবেষণা ও প্রজননের জন্য দেওয়া হয়।
একটিমাত্র সংগ্রহের ওপর নির্ভর না করতে সিমিট সভালবার্ডে এবং যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফোর্ট কলিন্সে নিরাপত্তা অনুলিপি রাখে। ভুট্টার ২৬,৭৫৫টি নমুনা, অর্থাৎ সংগ্রহের প্রায় ৯০ শতাংশ, সভালবার্ডে সংরক্ষিত; গমের ক্ষেত্রে নথি অনুযায়ী সভালবার্ডে ৯৮ শতাংশ পর্যন্ত এবং ফোর্ট কলিন্সে ৯৪ শতাংশ অনুলিপি আছে।
সিমিটের প্রধান বিজ্ঞানী ও গম জার্মপ্লাজম ব্যাংকের কিউরেটর ক্যারোলিনা সানসালোনি বলেন, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বীজ ভান্ডারে এই নমুনাগুলো রেখে তাঁরা নিশ্চিত করছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল পায়। পুরোনো সংগ্রহও নতুন সমস্যায় কাজে আসে: পূর্ব আফ্রিকায় মেইজ লিথাল নেক্রোসিস রোগ যখন ভুট্টা উৎপাদনে হুমকি হয়ে দাঁড়ায়, তখন গবেষকেরা সিমিটে সংরক্ষিত প্রায় এক হাজার দেশি ভুট্টার জাত পরীক্ষা করে রোগের ভাইরাস প্রতিরোধী দশটি জাত খুঁজে পান।
বৈচিত্র্যকে কাজে লাগার মতো রাখতে তেক্সকোকোতে নিরন্তর কাজ চলে: নমুনা নথিভুক্ত ও পর্যবেক্ষণ করা হয়, প্রয়োজনে নতুন করে বীজ উৎপাদন করা হয়, অঙ্কুরোদ্গম ক্ষমতা ও বীজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিতরণের জন্য একটি নমুনায় যথেষ্ট বীজ থাকতে হয়, অঙ্কুরোদ্গমের হার ৮৫ শতাংশের বেশি হতে হয় এবং উদ্ভিদ সংগনিরোধের শর্ত পূরণ করতে হয়। কাজটি সিজিআইএআর জিনব্যাংক অ্যাক্সিলারেটরের মাধ্যমে সমন্বিত সিজিআইএআরের জিন ব্যাংকগুলোর সহযোগিতার অংশ।
ছবি: টিমো পালো / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: CIMMYT




মন্তব্য
(০)