নতুন লবণ মৌসুম সামনে রেখে কক্সবাজারের টেকনাফে মাঠে ব্যস্ত চাষিরা। লবণাক্ত পানি ঢোকানো ও বের করার নালা কাটা হচ্ছে, জমি সমান করা হচ্ছে, বাঁধ মেরামত চলছে। এতদিন পানি থাকা চিংড়িঘেরগুলো শুকিয়ে লবণ তৈরির উপযোগী করা হচ্ছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পাঁচ মাসে কক্সবাজারের টেকনাফ, সদর, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন হবে। ২০২৬-২৭ অর্থবছরে দেশে পরিশোধিত লবণের চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন: খাওয়ার লবণ সাড়ে ৭ লাখ টন, শিল্পে সাড়ে ৯ লাখ টন, মাছ চাষে ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতে ৩ লাখ ৬ হাজার টন।
মৌসুমের আগে সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চাষিরা এতে ক্ষুব্ধ; তাঁদের দাবি, দেশে ঘাটতি নেই, আর লোকসানের পর যখন কিছুটা লাভ দেখা যাচ্ছিল তখনই আমদানির সিদ্ধান্ত এল।
সাবরাং লবণচাষি কল্যাণ পরিষদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া জানিয়েছেন, গত মৌসুমে মণপ্রতি উৎপাদন খরচ ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৮০ টাকা লোকসানে বিক্রি করতে হয়েছে, এখন দাম উঠে মণ ৪০০-৪১০ টাকা। চাষি মোহাম্মদ হাসান জানান, নভেম্বরের মাঝামাঝি উৎপাদন শুরু হলেও রোদ বাড়লে ডিসেম্বর থেকে লবণ বেশি ওঠে।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেছেন, সংকটের ঝুঁকি এড়াতে সরকার আমদানির অনুমতি দিয়েছে, তবে এখনো কোনো লবণ আমদানি হয়নি। বিসিক টেকনাফের পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, ২০২৫-২৬ মৌসুমে টেকনাফে ৪ হাজার ৫৫০ একর জমিতে লবণ উৎপাদন হয়েছিল।
ছবি: Muntasir du / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)