রাজশাহীর বিভিন্ন উপজেলায় আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হলেও বাজারে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৮৩ হাজার ৬০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে রোপা আমন আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টরে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন, গড় ফলনের লক্ষ্য বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ। এ পর্যন্ত ১২ হাজার ৪২৩ হেক্টরের ধান কাটা হয়েছে; পুরোদমে কাটা শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ লাগবে। সবচেয়ে বেশি আবাদ গোদাগাড়ীতে, ২৩ হাজার ৭৬২ হেক্টর, এরপর তানোরে ২২ হাজার ৭১ হেক্টর।
পবার নওহাটা এলাকার কৃষকেরা জানিয়েছেন, আগাম ব্রি ধান১০৩ ও বিনা ধান১৭ জাতের ফলন ভালো হয়েছে। তবে সার, কীটনাশক, ডিজেলের দাম আর শ্রমিকের মজুরি বাড়ায় খরচও বেড়েছে।
পাইকপাড়ার বর্গাচাষি শহিদুল ইসলাম তিন বিঘায় ব্রি ধান৫১ করেছেন। তাঁর হিসাবে বাজারে এখন মণপ্রতি ১,২০০ টাকা দর, এতে পোষায় না; অন্তত ১,৪০০ টাকা পেলে কৃষক কিছুটা লাভ করতেন। বাগসারা বিলের মুনজুর রহমান ১০ বিঘায় বিনা ধান১৭ চাষ করেছেন, বিঘাপ্রতি খরচ ১৭ হাজার টাকা, ফলন গড়ে ১৮ মণ। ২০ মণ ধান ১,২০০ টাকা দরে বিক্রি করেছেন, বাকিটা দাম বাড়ার আশায় রেখেছেন; খড় বিক্রিসহ বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা লাভের কথা জানিয়েছেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেছেন, অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ফলন ভালো হয়েছে। আগাম আমন তোলার পর একই জমিতে আলু, সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে, এতে কৃষকের আয় বাড়বে। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার ন্যায্যমূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
ছবি: Balaram Mahalder / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)