পঞ্চগড়ের দেবীগঞ্জে জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বড় জলপাইয়ের পাইকারি হাট। প্রতিদিন এখানে ২০০ থেকে ৩০০ টন জলপাই কেনাবেচা হচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা।
উপজেলা শহরের দেবদারুতলা এলাকার এই হাট চলে অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে কৃষক ও ব্যবসায়ীরা ভ্যান ও ইজিবাইকে জলপাই নিয়ে আসেন। আকার ও মান অনুযায়ী বাছাই, ওজন ও পরিষ্কার করে বস্তায় ভরা হয়; এ কাজে নারী শ্রমিকেরাও যুক্ত। আকার ও মানভেদে কেজিপ্রতি দাম ১৫ থেকে ৪০ টাকা।
স্থানীয় কৃষক শরিফুল জানিয়েছেন, আগে জলপাই গাছেই পেকে নষ্ট হতো, হাট চালু হওয়ায় এখন সহজে বিক্রি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী মমিনুল ইসলাম ফুল আসার সময় থেকেই গ্রামে ঘুরে গাছ কিনে নেন, ফল পাকলে হাটে বিক্রি করেন।
প্রাণ, স্টার লাইন ও বিডি ফুডসহ খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এই হাট থেকে জলপাই কিনছে। ফেনী থেকে আসা স্টার লাইন গ্রুপের পারচেজ ম্যানেজার মেরাজ হোসাইন জানিয়েছেন, এই জলপাই দিয়ে আচার ও চাটনি তৈরি হয়, যা দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।
হাট ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেছেন, আধুনিক সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমের মধ্যেই হাট শেষ করতে হয়। সংরক্ষণাগার হলে জলপাই দীর্ঘ সময় রাখা যাবে, হাটের পরিধি বাড়বে এবং কৃষকেরা ন্যায্য দাম পাবেন।
ছবি: Gregorvitch / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪




মন্তব্য
(০)