প্রায় ছয় মাস ধরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি (ট্রাক সেল) বন্ধ রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সর্বশেষ ট্রাক সেল হয়েছিল ঈদুল আজহার আগে, মে মাসে। এতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিম্ন আয়ের অনেক মানুষ কম দামে নিত্যপণ্য কেনার সুযোগ পাচ্ছেন না।
টিসিবি দুভাবে পণ্য বিক্রি করে। স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রায় ৭৫ লাখ পরিবার প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য পায়; একজন কার্ডধারী পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারেন। দ্বিতীয় পথ ট্রাক সেল, যেখানে কার্ড ছাড়াই লাইনে দাঁড়িয়ে তেল, চিনি ও মসুর ডাল কেনা যায়।
খুচরা বাজারে এই তিন পণ্য কিনতে ৭০০ থেকে ৭২০ টাকা লাগে, টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হয় ২২০ থেকে ২৪০ টাকা। গত ছয় মাসে বাজারে সয়াবিন তেল, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, মাছ ও সবজির দাম বেড়েছে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে ট্রাক সেল চালানো হয়, আর সরকার বললে বিশেষ সময়েও চালানো হয়। যেমন ২০২৪ সালের আগস্ট ও নভেম্বরে স্মার্ট কার্ডে বিতরণ কমে যাওয়ায় দুই দফা ট্রাক সেল বাড়ানো হয়েছিল।
গত মাসে বিশ্বব্যাংক তার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলেছে, গত চার বছরে দেশে ৮০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, মূলত উচ্চ মূল্যস্ফীতিতে প্রকৃত আয় কমায়। দারিদ্র্যসীমার সামান্য ওপরে আছেন আরও প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। অর্থনীতিবিদেরা বলছেন, শহরের ভাসমান ও অস্থায়ী ঠিকানার মানুষ সাধারণত কার্ড পান না, তাঁদের ভরসা ট্রাক; তাই ট্রাক সেল বন্ধ না রেখে বরং এর পরিধি বাড়ানো দরকার।
রাজধানীর আরামবাগ ঝিলপাড়ের গৃহকর্মী নারগিস বেগম সর্বশেষ ঈদুল আজহার আগে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনেছিলেন। তিনি বলেন, সবকিছুর দাম বাড়তি, কার্ড পাওয়ার আশা দিলেও কার্ড আর মেলে না; অন্তত ট্রাক থেকে কম দামে কিনতে পারলে অনেক উপকার হতো।
ছবি: তথ্য অধিদপ্তর (পিআইডি) / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)