কৃষির জৈব পণ্য, অর্থাৎ অণুজীবভিত্তিক সার, বৃদ্ধি-সহায়ক ও বালাই দমনের উপকরণ তৈরিতে ব্রেইন বায়োটেক এজির (BRAIN Biotech AG) সঙ্গে কৌশলগত অংশীদারত্বে গেছে সিনজেন্টা (Syngenta)। এজিনেভিগেটর জানিয়েছে, সিনজেন্টার জৈব পণ্য গবেষণার সঙ্গে যুক্ত হবে ব্রেইন বায়োটেকের সিনথেটিক বায়োলজি (কৃত্রিমভাবে জীবের বৈশিষ্ট্য নকশা করার বিজ্ঞান) দক্ষতা ও অণুজীবের বিশাল সংগ্রহ। লক্ষ্য, গাছের স্বাস্থ্য, সহনশীলতা ও উৎপাদনশীলতা বাড়ানোর নতুন প্রজন্মের জৈব পণ্য।
চুক্তিটি দেখায়, বড় কৃষি উপকরণ কোম্পানিগুলো কীভাবে পথ বদলাচ্ছে। এত দিন তারা প্রকৃতিতে পাওয়া অণুজীব খুঁজে খুঁজে কৃষিকাজে লাগানোর চেষ্টা করেছে। এখন জোর পড়ছে অণুজীবকে প্রকৌশলের মাধ্যমে উন্নত করায়, যাতে মাঠে তার কাজ আরও নির্ভরযোগ্য হয় এবং কারখানায় বড় পরিসরে উৎপাদন করা যায়।
চুক্তির কেন্দ্রে আছে ব্রেইন বায়োটেকের বায়োআর্কাইভ (BioArchive), কয়েক হাজার অণুজীবের নিজস্ব সংগ্রহ, যেখান থেকে নির্দিষ্ট কাজের উপযোগী অণুজীব বাছাই করা যায়। প্রতিষ্ঠানটি এনজাইম ও জৈব অণু তৈরির জন্য অণুজীব শনাক্ত, উন্নয়ন ও উন্নত করার কাজ করে, যা তারা ব্রেইনবায়োক্যাটালিস্টস (BRAINBiocatalysts) নামে বাজারে আনে। সিনজেন্টার জন্য এই সংগ্রহ নতুন জৈব পণ্যের প্রার্থী খোঁজা দ্রুত করতে পারে, যখন বড় কোম্পানিগুলো বায়োস্টিমুল্যান্ট ও জৈব বালাইনাশকের তালিকা বাড়াতে প্রতিযোগিতা করছে।
ব্রেইন বায়োটেকের এক মুখপাত্র এজিনেভিগেটরকে বলেন, ভালো অণুজীব খুঁজে পাওয়া কেবল শুরু। একে নির্ভরযোগ্য, দক্ষ ও বড় পরিসরে কারখানায় উৎপাদনের উপযোগী করে তোলাই পরের চ্যালেঞ্জ, আর সেখানেই তাদের প্রকৌশল দক্ষতা কাজে লাগবে। প্রক্রিয়ার স্থিতিশীলতা, বৃদ্ধির হার ও উৎপাদন ক্ষমতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
সিনজেন্টার জৈব পণ্য গবেষণার প্রধান জেরোম কাসায়ার (Jérôme Cassayre) বলেন, কৃষির জৈব পণ্যে বিজ্ঞানের সীমানা আরও এগিয়ে নিতে তাঁরা ব্রেইন বায়োটেকের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তবে দুই প্রতিষ্ঠানই বিস্তারিত বলছে না। কাজটি জৈব বালাই দমন, বৃদ্ধি-সহায়ক, নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব, নাকি প্রতিকূলতা সহনশীলতায় কেন্দ্রীভূত হবে, জানতে চাইলে ব্রেইন বায়োটেক বলেছে, পরিধি ইচ্ছা করেই খোলা রাখা হয়েছে, যাতে টেকসই কৃষির নানা সুযোগ খোঁজা যায়। কোন পণ্য, কোন বাজার বা কবে পণ্য আসবে, তা বলার সময় এখনো হয়নি বলে জানিয়েছে তারা। মুখপাত্রের ভাষায়, জৈব পণ্য তৈরি বহু ধাপের জটিল প্রক্রিয়া, যা কারিগরি ও নিয়ন্ত্রক শর্তে বাঁধা, আর পণ্য উন্নয়ন ও বাজারজাতের সিদ্ধান্ত মূলত সিনজেন্টার।
প্রতিবেদনটি এজিনেভিগেটরের জন্য লিখেছেন অলিভার মরিসন (Oliver Morrison)।
ছবি: Oksana Lastochkina / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)। পেট্রি ডিশে জন্মানো মাটির নানা অণুজীব।
সূত্র: AgNavigator





মন্তব্য
(০)