বাংলাদেশে ২০২৫ সালে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯১ জনের, যাঁদের ৩২১ জন শিক্ষার্থী, অর্থাৎ ১৬ দশমিক ৯৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ বিভাগের এ তথ্য জানিয়েছে দৈনিক জনকণ্ঠ। ২০২১ সালের তুলনায় এ হার দ্বিগুণের বেশি।
নতুন রোগীদের মধ্যে শিক্ষার্থীদের হার ২০২১ সালে ছিল ৭ দশমিক ১৩ শতাংশ, ২০২২ সালে নেমে যায় ৪ দশমিক ৪৩ শতাংশে। এরপর ২০২৩ সালে তা বেড়ে হয় ১৪ দশমিক ৫০ শতাংশ এবং ২০২৪ সালে ১৫ দশমিক ৫০ শতাংশ।
বয়সভিত্তিক হিসাবেও তরুণদের ঝুঁকি স্পষ্ট। নতুন শনাক্তদের ২১ দশমিক ০৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর, ৪ দশমিক ৮৭ শতাংশ ১৫ থেকে ১৯ বছর। সবচেয়ে বেশি, ৬২ দশমিক ৬১ শতাংশ, ২৫ থেকে ৪৯ বছর বয়সী।
শনাক্ত ও চিকিৎসায়ও ঘাটতি রয়েছে। ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের আনুমানিক সংখ্যা ১৭ হাজার ৪৮০, যাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন এবং অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন ৮ হাজার ৫৭৯ জন। অর্থাৎ আনুমানিক ৩ হাজার ১৬৭ জন শনাক্তের বাইরে, আর শনাক্ত হয়েও চিকিৎসা নিচ্ছেন না ৫ হাজার ৭৩৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব এলাকায় সমানভাবে এইচআইভি পরীক্ষার সুযোগ নেই, বিশেষ করে বড় শহরের বাইরে, ফলে সংক্রমণ শনাক্তে দেরি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম জোরদার এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংক্রমণের কারণ, পরীক্ষা ও চিকিৎসা নিয়ে সঠিক তথ্য দেওয়ার তাগিদ দিয়েছেন। তরুণদের জন্য গোপনীয়তা রক্ষা করে পরীক্ষার সুযোগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ছবি: NIAID / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: দৈনিক জনকণ্ঠ



মন্তব্য
(০)