হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবন ও গবেষণায় অবদানের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর গবেষণা ক্যাটাগরিতে রৌপ্যপদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। তিনি বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে পদক তুলে দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে, যেখানে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।
অধ্যাপক বাহানুর রহমান বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশসেরা গুণী শিক্ষক হিসেবেও সরকারি সম্মাননা পেয়েছেন।
পদক পাওয়ার পর তিনি বলেন, প্রাণিদেহে জীবাণুর ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠা (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর) এখন প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ, যা রপ্তানির সম্ভাবনা ও মানবস্বাস্থ্য দুটোর জন্যই হুমকি। এটি মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন ও উৎপাদনে জোর দিতে চান তিনি।
তাঁর মতে, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণীর চিকিৎসায় ওষুধের ব্যবহার ও প্রাণীর শারীরিক চাপ কমানো যায়, ফলে ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ে। প্রাণীর মৃত্যুহার কমানো এবং খামারিদের জন্য খাতটিকে আরও লাভজনক করাও তাঁর গবেষণার লক্ষ্য বলে জানান তিনি।
ছবি: Belayet2014 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: সারাবাংলা





মন্তব্য
(০)