আন্তর্জাতিক শুষ্ক অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র ইকার্ডা (ICARDA) ও তিউনিসিয়ার জাতীয় অংশীদারেরা দেশেই তৈরি এমন একটি যন্ত্র বানাচ্ছে, যা কাঁচা ঘাস বেল করে প্লাস্টিকে মুড়ে হেলেজ বানায়। এতে ছোট পশুপালকেরা ভালো মানের ঘাস জমিয়ে রাখতে পারবেন সেই মাসগুলোর জন্য, যখন তাজা খাবারের টান পড়ে। খবরটি জানিয়েছে সিজিআইএআর।
তিউনিসিয়ায় মৌসুমি বৃষ্টি আর বারবার খরার কারণে পশুখাদ্যের ঘাস কম মেলে। খামারিদের তখন নিম্নমানের ওট খড়, শস্যের খড় আর কেনা দানাদার খাবারের ওপর নির্ভর করতে হয়। সাইলেজ কয়েক মাস ঘাসের পুষ্টি প্রায় তাজা অবস্থার কাছাকাছি রাখে, কিন্তু এর জন্য সাধারণত বাংকার সাইলো, যন্ত্রপাতি আর এমন বিনিয়োগ লাগে, যা ছোট খামারের নাগালের বাইরে।
বেল করা হেলেজ খড় আর সাইলেজের মাঝামাঝি পদ্ধতি। সদ্য কাটা ঘাস আংশিক শুকিয়ে ঘন বেলে চেপে বায়ুরোধী প্লাস্টিক ফিল্মে মোড়া হয়; অক্সিজেন না থাকায় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ঘাসের চিনি গাঁজিয়ে তা সংরক্ষণ করে। হেলেজে সাধারণত শুষ্ক পদার্থ থাকে ৪০ থেকে ৬০ শতাংশ, যেখানে খড়ে থাকে ৮০ থেকে ৯০ শতাংশ আর সাইলেজে মোটামুটি ৩০ থেকে ৪০ শতাংশ। পুরো শুকাতে হয় না বলে পাতা কম ঝরে, আর দীর্ঘ রোদেলা আবহাওয়ার ওপর নির্ভরতা কমে। শিম জাতীয় পশুখাদ্য, যা প্রচলিত সাইলেজে রাখা কঠিন, সেগুলোর জন্যও পদ্ধতিটি উপযোগী।
তবে কাজটি যত্ন দাবি করে। ঘাস ঠিক সময়ে কাটতে হয়, সমানভাবে শুকাতে হয়, দ্রুত মুড়তে হয়, আর ফিল্ম অক্ষত রাখতে হয়; কারণ হেলেজে গাঁজন সাইলেজের চেয়ে কম হয়, বাতাস ঢুকলে তা নষ্ট হয়ে যায়। সাধারণত ছয় থেকে ১২ মাসের মধ্যে খাওয়ানো ভালো। তিউনিসিয়ার জাতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট ইনরাতের (INRAT) পশুখাদ্য বিশেষজ্ঞ ড. সালাহ বেন ইউসেফ (Salah Ben Youssef) বলেন, এটি তিউনিসিয়ার কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত ভালো ঘাস সংরক্ষণে এবং মৌসুমি সংকটের সময় মানসম্মত খাবারের জোগান বাড়াতে সাহায্য করতে পারে।
কাজটির শুরু কৃষকদের চাহিদা থেকে। সের্স (Sers) এলাকায় একটি নারী সমবায়ের সদস্যরা স্থানীয় একটি খাদ্য প্রতিষ্ঠানের ব্যাগভর্তি ভুট্টার সাইলেজ খাইয়ে গাভিপ্রতি দিনে প্রায় দুই লিটার বেশি দুধ পাওয়ার কথা জানান এবং নিজেরাই সংরক্ষিত পশুখাদ্য বানাতে আগ্রহ দেখান। আলজেরিয়ায় ইকার্ডার একটি প্রকল্পে কৃষকেরা আগে থেকেই হেলেজ বানান; সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইকার্ডা তিউনিসিয়ার যন্ত্র নির্মাতা প্রোমাতকে (ProMat) একটি বেলার-র্যাপারের নমুনা যন্ত্র বানানোর দায়িত্ব দেয়। প্রোমাতের দুই প্রকৌশলী আলজেরিয়ায় গিয়ে সেখানকার যন্ত্র দেখে আসেন।
পাশাপাশি ইকার্ডা ও ইনরাত ভেচ, ওট আর ট্রিটিকেলের মিশ্র পশুখাদ্য চাষের পরীক্ষা চালাচ্ছে: ভেচ জোগায় প্রোটিন, আর ওট ও ট্রিটিকেল দেয় কাঠামো ও শক্তি। পরের ধাপে ইনরাত ও তিউনিসিয়ার পশুসম্পদ ও চারণভূমি দপ্তরের (OEP) সঙ্গে মাঠে যন্ত্রটির কার্যক্ষমতা, বেলের মান, মোড়ানোর মান ও চালানোর খরচ যাচাই হবে। মিশ্র ঘাসটিও হেলেজ হিসেবে পরীক্ষা হবে, গবেষণাগারে দেখা হবে পিএইচ, উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড, অ্যামোনিয়া আর দ্রবণীয় নাইট্রোজেন।
অংশীদারেরা কৃষক ও যন্ত্রচালকদের প্রশিক্ষণ দেওয়ার এবং সমবায় ও যন্ত্রসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগাভাগি সেবা চালুর পরিকল্পনা করছে, যাতে নিজের যন্ত্র না কিনেই ছোট খামারিরা বেল বানিয়ে নিতে পারেন। প্রোমাতের মহাপরিচালক মাহের কানুন (Maher Kanoun) বলেন, ইকার্ডার সহবিনিয়োগ এবং গবেষণা, সম্প্রসারণ ও কৃষক সমাজের সঙ্গে গড়া যোগাযোগ এই নতুন প্রযুক্তিকে বড় পরিসরে নিতে সাহায্য করবে। লেখাটি লিখেছেন ইকার্ডার উদো রুডিগার (Udo Rudiger), বেন ইউসেফ ও কানুন।
ছবি: Flominator / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: CGIAR





মন্তব্য
(০)