সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৪ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

দুই-চার বছরের মধ্যে ছাগল-মুরগির মাংস রপ্তানি করবে বাংলাদেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দুই থেকে চার বছরের মধ্যে ছাগল ও মুরগির মাংস রপ্তানি শুরুর আশা করছেন তিনি।

আগামী দুই থেকে চার বছরের মধ্যে বাংলাদেশ থেকে ছাগল ও মুরগির মাংস রপ্তানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, শুধু মাংস নয়, উচ্চমানের মূল্য সংযোজিত পণ্য হিসেবে এসব মাংস রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

প্রাণিজাত পণ্য রপ্তানির বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে গরুর মাংস রপ্তানি করা হয় না। তবে গরুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রপ্তানি হয়। এসব পণ্য দেশের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশে এগুলোর ভালো চাহিদা ও বাজারমূল্য রয়েছে।

তিনি বলেন, গরুর ভুঁড়ির একটি বিশেষ অংশ (ট্রাইপ) বাংলাদেশে সাধারণত মানুষ খায় না। কিন্তু চীন ও কোরিয়াসহ বিভিন্ন দেশে এর খাদ্যমূল্য অনেক বেশি। এছাড়া গরুর পায়ের অংশ বা বুল স্টিকও রপ্তানি করা হয়। কিছু দেশে এটি বিশেষ খাবার হিসেবে ব্যবহৃত হয়, আবার প্রাণীর খাদ্য হিসেবেও এর চাহিদা রয়েছে। এগুলো রপ্তানি করা হলেও গরুর মাংস রপ্তানি করা হচ্ছে বিষয়টি এমন নয়।

মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আগামী দুই-চার বছরের মধ্যে বাংলাদেশ ছাগল ও মুরগির মাংস রপ্তানি করবে। রিয়েলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসেবে উচ্চমানের মাংস রপ্তানি করতে পারব। আপনাদের সহযোগিতায় খুব বেশি দিন লাগবে না।

হরিণের খামার নিয়ে আইন হচ্ছে

দেশে হরিণের খামার গড়ে তোলা এবং খামারে উৎপাদিত হরিণের মাংস বাজারজাতকরণের সুযোগ তৈরির বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তবে খামারে হরিণ পালনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে বন্য প্রাণী শিকার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হলেও খামারে উৎপাদনের মাধ্যমে সেগুলোর বাণিজ্য বৈধ। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে একটি আইন তৈরির কাজ চলছে। দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।

পোল্ট্রি ফিডের দাম নিয়ন্ত্রণে বিশেষ টিম

পোল্ট্রি খামারিদের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং ফিডের উচ্চমূল্য নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমেই খাদ্যের দাম একটি যৌক্তিক ও মানসম্মত পর্যায়ে আনতে হবে। একই সঙ্গে ফিডের গুণগত মান নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, অতীতে পোল্ট্রি খাতের ব্যবস্থাপনা ও নীতিমালায় নানা সমস্যা তৈরি হয়েছে। সেগুলো গুছিয়ে আনতে সময় লাগছে। সরকার নতুন উদ্যোক্তা খুঁজছে এবং উৎপাদন ও মান নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়মকানুন তৈরির কাজ করছে।

ফিডের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, পোল্ট্রি ফিডের অন্যতম প্রধান কাঁচামাল ভুট্টা। দেশে প্রয়োজনীয় পরিমাণ ভুট্টা উৎপাদন না হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হয়। তবে এর সুযোগ নিয়ে কোনো কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই মানুষের খাদ্যের সঙ্গে সম্পর্কিত এই খাতের ফিডের দাম অযৌক্তিকভাবে বাড়তে দেওয়া যাবে না। ফিডের দাম কেন বাড়ছে, তা খুঁজে বের করতে আমরা ইতোমধ্যে একটি টিম করে কাজ করাচ্ছি। আশা করি, খুব দ্রুত এর কারণ বের করে সঠিক সমাধান করতে পারব।

খাদ্যের মান নিয়ন্ত্রণে আসছে নতুন ব্যবস্থা

খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে ভবিষ্যতে সব ধরনের খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) আওতায় নেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, মানুষের খাবার থেকে শুরু করে পশু-পাখির খাদ্য সব ধরনের খাদ্যের মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কর্তৃপক্ষের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের জন্য পশু-পাখির খাদ্যের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয় কাজ করবে।

মাংস আমদানিতে বাধা নেই

পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে গরুর মাংস আমদানির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশে মাংস আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। গরু কিংবা ভেড়ার মাংস চাহিদা থাকলে আমদানি করা যাবে।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সীমিত পরিসরে বিদেশি মাংস আমদানি হচ্ছে। বিশেষ করে উচ্চমূল্যের রেস্তোরাঁ ও পাঁচ তারকা হোটেলে আমদানি করা বিফ স্টেক পাওয়া যায়। তবে দেশের সাধারণ মানুষের খাদ্যাভ্যাস এবং উচ্চমূল্যের কারণে এ ধরনের মাংসের বাজার এখনো সীমিত।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ নির্দিষ্ট ধরনের মাংস খেতে অভ্যস্ত। তাই বিদেশের দামি মাংসের চেয়ে দেশীয় মাংসের প্রতিই তাদের আগ্রহ বেশি। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে আন্তর্জাতিক বাজার থেকে মাংস আমদানির সুযোগ থাকবে।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

বন্ধ্যা মাছির ঘাটতিতে যুক্তরাষ্ট্রে বাড়ছে স্ক্রুওয়ার্ম, আশা জিন-প্রকৌশলের নোভোফ্লাইলাইভস্টক

বন্ধ্যা মাছির ঘাটতিতে যুক্তরাষ্ট্রে বাড়ছে স্ক্রুওয়ার্ম, আশা জিন-প্রকৌশলের নোভোফ্লাই

নভেম্বরে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৪টি গৃহপালিত পশুতে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম ধরা পড়েছে, অক্টোবরে যা ছিল ৩৪; জিন প্রকৌশলে তৈরি কেবল পুরুষ বন্ধ্যা মাছি উৎপাদন দ্বিগুণ করতে পারে।

The Cattle Site২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মঙ্গোলিয়ার মাংস, উল ও কাশ্মিরি প্রক্রিয়াজাতের কেন্দ্র হতে চায় ভিয়েতনামএগ্রোবিজ

মঙ্গোলিয়ার মাংস, উল ও কাশ্মিরি প্রক্রিয়াজাতের কেন্দ্র হতে চায় ভিয়েতনাম

উলানবাটারে এক ব্যবসায়িক ফোরামে ভিয়েতনাম ও মঙ্গোলিয়া ২০৩০ সালের মধ্যে ২০ কোটি ডলারের কৃষি বাণিজ্যের লক্ষ্য ঠিক করেছে; মঙ্গোলিয়ার প্রাণিজ কাঁচামাল আর ভিয়েতনামের প্রক্রিয়াজাত শিল্প ও আসিয়ান বাজার মেলানোর প্রস্তাব এসেছে।

AgNavigator২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অস্ট্রেলিয়ার গরুর মাংস শিল্প: বন ও ছায়া বেড়েছে, ব্যথানাশকের ব্যবহারে ধীরগতিলাইভস্টক

অস্ট্রেলিয়ার গরুর মাংস শিল্প: বন ও ছায়া বেড়েছে, ব্যথানাশকের ব্যবহারে ধীরগতি

অস্ট্রেলিয়ান বিফ সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্কের ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে চারণভূমিতে ১৯৯০ সালের পর সবচেয়ে বেশি বন আর ফিডলটে বাড়তি ছায়ার কথা আছে, তবে ব্যথাদায়ক পরিচর্যায় ব্যথানাশক দেন মাত্র ৩৪.৫ শতাংশ খামারি।

Beef Central২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)