পাখির বাসা থেকে আগুন লেগে প্রতিবছর প্রায় ১২ লাখ ডলারের ট্রাক্টর পোড়ার বিমা দাবি জমা পড়ে, জানিয়েছে নিউজিল্যান্ডের গ্রামীণ বিমা প্রতিষ্ঠান এফএমজি (FMG)। কাজ শুরুর আগে বনেটের নিচে একবার দেখে নিতে কৃষকদের অনুরোধ করেছে তারা।
গত তিন বছরে এফএমজি পাখির বাসার সঙ্গে যুক্ত ১০০টির বেশি ট্রাক্টর পোড়ার দাবি পেয়েছে, যা ওই সময়ে তাদের কাছে আসা সব ট্রাক্টর পোড়ার দাবির ৩২ শতাংশ। বেশির ভাগ দাবি আসে স্টার্লিং পাখির প্রজনন মৌসুমে, যা সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে।
এফএমজির ক্ষতি প্রতিরোধ ব্যবস্থাপক অ্যাবি ফ্রান্স (Abby France) বলেন, বাসা বানানোর জায়গা খুঁজতে স্টার্লিং দারুণ ওস্তাদ; অবাক করার মতো ছোট ফাঁকেও ঢুকে পড়ে আর মানুষ যতটা ভাবে তার চেয়ে অনেক দ্রুত বাসা বানায়। খামারে শুকনো ঘাস হাতের কাছে থাকায় এক কাপ চা খাওয়ার বিরতিতেই একটা পাখি বাসা বানিয়ে ফেলতে পারে।
অ্যাবি ফ্রান্সের মতে, আগুনে একটা দামি যন্ত্র নষ্ট হতে পারে, আর খড় ও সাইলেজ তৈরির মৌসুমের মুখে খামারের প্রতিদিনের কাজও বড় ধাক্কা খায়। কোয়াড বাইক, সাইড-বাই-সাইড গাড়ি, প্রাইভেট কার, পিকআপ আর অন্যান্য যন্ত্রেও পাখির বাসা থেকে আগুন লেগেছে।
এফএমজির দীর্ঘদিনের 'স্টপ অ্যান্ড পপ' প্রচারণায় চালকদের বলা হয়: থামুন, বনেট খুলুন, বাসা আছে কি না দেখুন। যন্ত্র রেখে দেওয়ার সময় বনেট খোলা রাখলে পাখি বাসা বাঁধতে কম আগ্রহী হয়। প্রতিষ্ঠানটি ট্রাক্টরে হাতের নাগালে উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখার এবং চালককে তা ব্যবহার শেখানোর পরামর্শ দিয়েছে, তবে সবার আগে নিজের নিরাপত্তা। কারণ বড় ক্ষতির আগে গ্রামীণ দমকল দল সব সময় খামারে পৌঁছাতে পারে না।
খামারে ঢোকার রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও গাছ ছেঁটে রাখার আহ্বানও জানিয়েছেন অ্যাবি ফ্রান্স, কারণ একটি সাধারণ দমকল গাড়ির ঢুকতে ৪ মিটার ফাঁকা জায়গা লাগে। চালকদের মনে করিয়ে দিতে এফএমজি বিনা মূল্যে 'স্টপ অ্যান্ড পপ' স্টিকার দিচ্ছে।
ছবি: Mike R / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Rural News Group




মন্তব্য
(০)