প্রাণিরোগের প্রাদুর্ভাব ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের দুধ সরবরাহের ওপর আরেকটি চাপ হয়ে দাঁড়িয়েছে, বলছে মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। দ্য ক্যাটল সাইটে প্রতিবেদনটির সারাংশ লিখেছেন মেলানি এপ (Melanie Epp)।
ব্লুটাং ১৯৯০-এর দশকের শেষ থেকে দক্ষিণ ইউরোপে ছড়াচ্ছে, আর ২০২৩ সালে উত্তর ও পশ্চিম ইউরোপে পাওয়া নতুন সেরোটাইপ বিটিভি-৩ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়েছে। পূর্ব ইউরোপের কয়েকটি দেশই কেবল এ রোগমুক্ত স্বীকৃত, আর আক্রান্ত অনেক দেশ টিকা দিচ্ছে। সংক্রমণ ও টিকায় গড়ে ওঠা রোগপ্রতিরোধের কারণে নেদারল্যান্ডসে ২০২৬ সালে রোগটি ধরা পড়েনি; জার্মানিতে সংক্রমণ অনেক কমেছে; ফ্রান্সে বিটিভি-৮ কমলেও বিটিভি-৩ এখনো ছড়াচ্ছে।
২০২৫ সালে পশ্চিম ফ্রান্সে নিশ্চিত হওয়া এপিজুটিক হেমোরেজিক ডিজিজের নতুন প্রাদুর্ভাব ২০২৬ সালের ১ জুনের পর আর হয়নি। ২০২৫ সালে প্রথমে ইতালিতে, পরে ফ্রান্স ও স্পেনে ধরা পড়া লাম্পি স্কিন ডিজিজের নতুন কোনো ঘটনা ফ্রান্সে ২ জানুয়ারির পর নেই; স্পেন ও ইতালিতে ২০২৬ সালে কড়া নিয়ন্ত্রণ ও টিকার মধ্যে কিছু ঘটনা ঘটেছে, আর স্পেন ২৯ এপ্রিল বিধিনিষেধ তুলে নিয়েছে।
নতুন দুশ্চিন্তা শামোন্ডা ভাইরাস, যা এ বছর ফ্রান্সজুড়ে দ্রুত ছড়িয়েছে: ২০ আগস্ট পর্যন্ত ১৬টি ডিপার্টমেন্টে নিশ্চিত, সারা দেশে ছড়ানোর আশঙ্কা। স্পেনের কর্দোবা, তোলেদো, আভিলা ও মাদ্রিদে টাইপ ১ এবং কান্তাব্রিয়ায় টাইপ ২ পাওয়া গেছে, জার্মানিতে বেশির ভাগ ঘটনা বাডেন-ভুর্টেমবার্গে। মূলত কিউলিকয়েডস মশকজাতীয় পোকা ও উপসর্গহীন আক্রান্ত পশুর চলাচলে ছড়ানো এ ভাইরাস সব বয়সের গরুকে আক্রান্ত করে, দুগ্ধ ও মাংসের পালে গর্ভপাতের ঢেউয়ের আশঙ্কা তৈরি করেছে। জানানো বাধ্যতামূলক না হওয়ায় দুগ্ধ পালে এটি কতটা ছড়িয়েছে তা অজানা।
ব্লুটাং, লাম্পি স্কিন ও শামোন্ডা সাধারণত দুগ্ধ গাভীতে মৃদু হয়, তবে সাময়িকভাবে দুধ কমায়, প্রজননে সমস্যা করে এবং মৃত্যু বাড়ায়, যাতে পালের আকার ও উৎপাদন কমে।
এফএএস মনে করে, এসব চাপ আর খামারের হাল ধরতে তরুণ কৃষকের অভাব মিলে ২০২৬ সালে আরও খামার একীভূত ও বন্ধ হবে। ১ জুন আর্লা ফুডস ও ডিএমকে আর্লা নামে একীভূত হয়ে ইউরোপের শীর্ষ দুগ্ধ সমবায় হয়েছে, আর ফ্রিজল্যান্ডক্যাম্পিনা ও মিলকোবেলের একীভূতকরণ সম্পন্ন হয়েছে ১ জানুয়ারি।
ছবি: Fourrure / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: The Cattle Site





মন্তব্য
(০)