রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরিফে নির্মিত নতুন মসজিদে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বাস্তবায়িত দরগাহ শরিফ উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদটি নির্মাণ করা হয়েছে। নামাজ শেষে নগরবাসী, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়।
জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহীর বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির।
রাসিক প্রশাসক বলেন, নগরের উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতায় দরগাহ শরিফের নতুন মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে। প্রকল্পের বাকি কাজও দ্রুত শেষ করা হবে। সব কাজ শেষ হলে শাহ মখদুম দরগাহ শরিফ দেশের অন্যতম সুন্দর মাজার ও মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে বলে তাঁর আশা।
রাসিকের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, 'হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরিফ উন্নয়ন (প্রথম সংশোধিত)' প্রকল্পের ব্যয় ২৪ কোটি ৭৯ লাখ টাকা, মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। এরই মধ্যে একটি আকর্ষণীয় প্রবেশদ্বার ও চারতলা মসজিদের নির্মাণ শেষ হয়েছে।
এখন মাজার শরিফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন ও ল্যান্ডস্কেপিংয়ের কাজ চলছে। প্রকল্পের লক্ষ্য, এই পবিত্র স্থানের ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ রক্ষা করে সৌন্দর্যবর্ধন, অবকাঠামো উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা।
প্রতিবেদনটি বাসসের রাজশাহী থেকে পাঠানো খবরের ভিত্তিতে লেখা।
ছবি: Nahid.rajbd / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: বাসস



মন্তব্য
(০)