কলকাতার সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্র সেক্টর ফাইভে ফুটপাথের দোকানে উনুন জ্বেলে রান্না আর মাথার ওপর প্লাস্টিকের ছাউনি দেওয়া নিষিদ্ধ করেছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। ফলে ফুটপাথে রান্না এখন পুরোপুরি বন্ধ, দোকানিরা সকালে বাড়ি থেকে রান্না করে খাবার আনছেন, জানিয়েছে এই সময়।
সেক্টর ফাইভে মোট ৯৭৩টি দোকানের ৯০ শতাংশই খাবারের। এলাকার তথ্যপ্রযুক্তি সংস্থা ও অন্যান্য সরকারি-বেসরকারি অফিসে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ কাজ করেন, যাঁদের বড় একটি অংশ রেস্তোরাঁ বা ফুড ডেলিভারি অ্যাপের চড়া দাম এড়াতে সস্তা ফুটপাথের খাবারের ওপর নির্ভর করতেন।
এখন ঠান্ডা খাবারে ক্রেতাদের অনীহা বাড়ছে, খাবারও নষ্ট হচ্ছে, ফলে বিক্রেতারা চরম আর্থিক সমস্যায় পড়েছেন। বারাসতের বাসিন্দা সুমিত চৌধুরী বলেন, সকালের খাবার দুপুরে খেলে পেটের সমস্যার ভয়ে কয়েক মাস ধরে তিনি বাড়ি থেকে টিফিন আনছেন।
নবদিগন্ত পরিষেবা সমিতির সম্পাদক প্রসাদ মণ্ডল বলেন, তিন মাস আগে প্রশাসন যা যা নির্দেশ দিয়েছিল, দোকানিরা সবই মেনেছেন, কিন্তু প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির কিছুই রাখা হয়নি।
এনডিআইটিএ সূত্র বলছে, কাউকে উচ্ছেদ করা হচ্ছে না, শুধু আইন অনুযায়ী কিছু নিয়ম মানতে বলা হয়েছে। নবদিগন্ত শিল্পতালুকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার কথা ভেবে বিধিগুলো চালু করা হয়েছে এবং খুব শিগগির দোকানদারদের সঙ্গে বৈঠক হবে।
প্রতিবেদনটি এই সময়ের শ্যামগোপাল রায় ও দেবার্ঘ্য ভট্টাচার্য্যের।
ছবি: Biswarup Ganguly / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: এই সময়



মন্তব্য
(০)