গরুর দুধ নয়, জীবাণু দিয়ে তৈরি কেসিন প্রোটিন থেকে মোজারেলা পনির বানানোর অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর স্টার্টআপ নিউ কালচার (New Culture)। গ্রিন কুইন জানিয়েছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড এগ্রিকালচার (সিডিএফএ) প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, বে এরিয়ার বাণিজ্যিক কারখানা এবং পণ্যের লেবেল, তিনটিই অনুমোদন করেছে।
দুধের প্রোটিনের প্রায় ৮০ শতাংশই কেসিন, এর জন্যই গরম করলে পনির গলে ও টেনে লম্বা হয়। নিউ কালচার ব্যবহার করে প্রিসিশন ফারমেন্টেশন: জীবাণুর ভেতরে নির্দিষ্ট ডিএনএ বসিয়ে দেওয়া হয়, ফলে গাঁজনের সময় তারা কাঙ্ক্ষিত অণুটি তৈরি করে। প্রতিষ্ঠানটির জীবাণু তৈরি করে আলফা-এস১ কেসিন, গরুর দুধের কেসিনের প্রায় ৪০ শতাংশই এটি। উচ্চ ঘনত্বের বায়ুনির্ভর ব্যাকটেরিয়া-গাঁজন আর নিজস্ব পরিশোধন পদ্ধতিতে এই কেসিন গুঁড়া আলাদা করা হয়।
কেসিন গুঁড়ার সঙ্গে পানি, সূর্যমুখী ও নারকেল তেল, লবণ, চিনি, স্টার্চ ও খনিজ মিশিয়ে তৈরি হয় পনির। কোম্পানির দাবি, প্রচলিত মোজারেলার তুলনায় এতে অর্ধেকেরও কম কেসিন লাগে (২৮ শতাংশ), তাই খরচ কমে; পনিরে ল্যাকটোজ, কোলেস্টেরল কিংবা হরমোন ও অ্যান্টিবায়োটিকের অবশেষ থাকে না। প্রতিষ্ঠানটির হিসাবে এতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৮৫ শতাংশ এবং জমি ও পানির ব্যবহার ৯৫ শতাংশ কমে। কেসিন তৈরিতে অংশীদার সিজে চেইলজেদাং (CJ CheilJedang), যারা বিনিয়োগকারীও, এবং এডিএম (ADM)।
সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা ইনইয়া রাডমান (Inja Radman) বলেন, “আরও কাজ বাকি থাকলেও এই অনুমোদন আমাদের বাণিজ্যিক উৎপাদনের দিকে এক বিশাল ধাপ এগিয়ে দিল।” আবেদন জমা পড়েছিল ২০২৪ সালের এপ্রিলে। রাডমানের ভাষায়, প্রাণীবিহীন দুগ্ধজাত পনিরের আবেদন সিডিএফএ এর আগে কখনো পায়নি বলে খুঁটিনাটি মেলাতে সময় লেগেছে; এখন নজির তৈরি হওয়ায় পরের পণ্যগুলোর অনুমোদন দ্রুত হওয়ার আশা করছেন তিনি।
অনুমোদনের ফলে ক্যালিফোর্নিয়ার পিৎজা দোকানগুলোতে এই পনির বিক্রির পথ খুলল, কারণ যুক্তরাষ্ট্রে নিজের কেসিনকে প্রতিষ্ঠানটি আগেই নিজে থেকে ‘সাধারণভাবে নিরাপদ’ (জিআরএএস) ঘোষণা করেছে। সেই ঘোষণা খাদ্য ও ওষুধ প্রশাসনকে (এফডিএ) জানানো হবে কি না, তা বলা হয়নি। স্টার্টআপটি এ পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ডলার ভেঞ্চার মূলধন তুলেছে, এখন নতুন তহবিল তুলছে না, আর গত বছর যুক্তরাষ্ট্রের পিৎজা ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লাখ ডলারের আগাম চাহিদা পেয়েছে।
প্রিসিশন ফারমেন্টেশনে কেসিন তৈরির ক্ষেত্রটি এখনো ছোট। নেদারল্যান্ডসের দোজ ভেগান কাউবয়েজ (Those Vegan Cowboys) ও জার্মানির ফরমো (Formo) আলফা-এস১ কেসিনের জন্য এফডিএর ‘কোনো প্রশ্ন নেই’ চিঠি পেয়েছে, আর অস্ট্রেলিয়ার ইডেন ব্রু (Eden Brew) নিজেই জিআরএএস ঘোষণা করেছে।
ছবি: জন সালিভান (Jon Sullivan) / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: Green Queen (প্রতিবেদক অনয় মৃদুল)





মন্তব্য
(০)