দক্ষিণ আমেরিকার তিন দেশ তাদের ফসলের জাতের নিরাপত্তা-কপি জমা দিয়েছে পেরুর রাজধানী লিমায় আন্তর্জাতিক আলু কেন্দ্রের (সিআইপি, International Potato Center) প্ল্যান্ট ক্রায়ো ভল্টে। মাঠে জাত হারিয়ে গেলে যেন ফিরে পাওয়া যায়, সে জন্য নমুনাগুলো মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেনে জমিয়ে রাখা হয়েছে। এই পদ্ধতিকে বলে ক্রায়োপ্রিজারভেশন।
ব্রাজিলের কৃষি গবেষণা প্রতিষ্ঠান এমব্রাপা (EMBRAPA) প্রথমবার জমা দিয়েছে অ্যামাজন অঞ্চলের ১৪টি ঐতিহ্যবাহী আনারস ও ১১টি কাসাভার জাত। চিলির কৃষি গবেষণা ইনস্টিটিউট (আইএনআইএ) প্রথমবার দিয়েছে ১০টি আলুর জাত, আর ইকুয়েডরের জাতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (আইএনআইএপি) দ্বিতীয়বার জমা দিয়েছে ৩০টি দেশি চিনাবাদাম ও তিনটি দেশি আলুর জাত। নমুনার মালিকানা থাকছে সংশ্লিষ্ট দেশেরই, সিআইপি কেবল নিরাপদ ব্যাকআপ হিসেবে ভল্টটি রক্ষণাবেক্ষণ করে।
সাধারণ বীজ ব্যাংক যেখানে পারে না, সেখানেই কাজে লাগে এই প্রযুক্তি। নরওয়ের স্যালবার্ড গ্লোবাল সিড ভল্টে ১৪ লাখের বেশি বীজ নমুনা রাখা আছে, কিন্তু জাতিসংঘের তালিকাভুক্ত ১৫০টি ফসলের প্রায় অর্ধেক, যেমন আলু, কাসাভা, মিষ্টি আলু, কলা, আনারস, কফি, কোকো, চা ও আখ, কাটিং বা কন্দ থেকে জন্মায়, নয়তো এদের বীজ শুকিয়ে রাখা যায় না। এসব ফসলের জীবন্ত টিস্যু জমিয়ে রাখাই দীর্ঘমেয়াদি সমাধান। সিআইপির মহাপরিচালক সাইমন হেক (Simon Heck) বলেন, ক্রায়োপ্রিজারভেশন প্রযুক্তি অঙ্গজ বংশবিস্তারের ফসল সংরক্ষণের এই ফাঁক পূরণের হাতিয়ার।
সিআইপি বলছে, প্রয়োজন বাড়ছে। খরা, দাবানল, বন্যা ও তাপপ্রবাহ বাড়ায় উদ্ভিদের বৈচিত্র্য ঝুঁকিতে পড়ছে, আর বিশ্বের ৮০ শতাংশের বেশি গবেষণায় ফসলের জিনগত বৈচিত্র্য কমে যাওয়ার কথা এসেছে। রোগবালাই সহনশীল ও বদলে যাওয়া জলবায়ুতে টিকে থাকা নতুন জাত উদ্ভাবনে এই বৈচিত্র্যই প্রজননবিদদের মূল কাঁচামাল।
লিমার ভল্টটি লাতিন আমেরিকায় এ ধরনের সবচেয়ে বড় সংরক্ষণাগার। এখানে ইতিমধ্যে ৪,৭০০টির বেশি আলুর স্থানীয় ও উন্নত জাত সংরক্ষিত আছে, আর মোট ৭০ হাজার ব্যাকআপ রাখার জায়গা রয়েছে। ২০২২ সাল থেকে সিআইপি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৫টি জাতীয় প্রতিষ্ঠানের একটি ক্রায়োপ্রিজারভেশন নেটওয়ার্ক সমন্বয় করছে।
অনুষ্ঠানে এমব্রাপার প্রেসিডেন্ট সিলভিয়া মারিয়া ফনসেকা সিলভেইরা মাসরুয়া (Silvia Maria Fonseca Silveira Massruhá) সিআইপি ও আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডলীয় কৃষি কেন্দ্রের (সিআইএটি) সঙ্গে কৌশলগত অঙ্গজ ফসলের ক্রায়োপ্রিজারভেশন জোরদারের নতুন প্রকল্প ঘোষণা করেন। নর্ডিক জিন ব্যাংক নর্ডজেন (NordGen) আলুর ক্রায়োপ্রিজারভেশন নিয়ে সিআইপির সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে, যাতে লিমার ভল্টের সঙ্গে স্যালবার্ডের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়।
সূত্র: International Potato Center


মন্তব্য
(০)