যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্য দুটি শস্য গুদাম (গ্রেইন এলিভেটর) বন্ধ করে সেখানে মজুত শস্যের মালিকানা নিজের হাতে নিয়েছে। গুদাম দুটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের শস্য মজুতের কোনো লাইসেন্স ছিল না। ডিটিএনের পরিবেশ সম্পাদক টড নিলি (Todd Neeley) জানিয়েছেন, ১৭ নভেম্বর নেব্রাস্কা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই নির্দেশ দেয়।
পিএসসি জানায়, কানসাসের হোম শহরভিত্তিক হোম সিটি গ্রেইন (Home City Grain Inc.) ডসন ও ফলস সিটির স্থাপনায় অননুমোদিত শস্য গুদামজাতকরণে যুক্ত ছিল। নেব্রাস্কার আইনে মজুতের জন্য শস্য গ্রহণ করতে কমিশন বা মার্কিন কৃষি বিভাগের লাইসেন্স লাগে, কিন্তু প্রতিষ্ঠানটির কোনোটিই ছিল না।
কৃষকের সামনে এখন প্রশ্ন টাকার। কমিশন জানিয়েছে, গুদামে শস্য জমা দেওয়া নেব্রাস্কার কৃষকদের ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করতে দাবি ফরম পাঠানো হবে, আর ৩০ নভেম্বরের মধ্যে তা কৃষকের হাতে পৌঁছানোর কথা। কানসাসে প্রতিষ্ঠানটির স্থাপনাগুলো পিএসসির এখতিয়ারের বাইরে, তাই আদেশের আওতায় নেই; কানসাসের কৃষকদের রাজ্যের কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে পিএসসি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি অভিযোগ গ্রহণ করেছিল, ২০২৫ সালের জানুয়ারিতে তা খারিজ করা হয়। মামলাটি কমিশনে নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কমিশনারদের প্রশ্ন না করার অনুরোধ জানিয়েছে পিএসসি। ডিটিএন জানিয়েছে, তারা হোম সিটি গ্রেইনের মালিক ব্রায়ান উলশ্লেগারের (Brian Wullschleger) মন্তব্য চেয়েছে।
কেসিএলওয়াই রেডিওর তথ্যমতে, ২০২৩ সালের আগস্টে উলশ্লেগার কয়েক দশক ধরে গুদাম দুটি চালানো সালেম গ্রেইন কোম্পানির কাছ থেকে সেগুলো কেনেন। গুদামগুলোতে শস্য গ্রহণ, মজুত, বিপণন, খামার থেকে শস্য তোলা, পরিবহন ও পশুখাদ্যের খুচরা বিক্রি হতো। আগের লাইসেন্স অনুযায়ী দুটির মোট ধারণক্ষমতা প্রায় ১৯ লাখ বুশেল, যার প্রায় ১৩ লাখ বুশেল ফলস সিটিতে।
ছবি: bradleygee / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)। নেব্রাস্কার ভেনাঙ্গোর একটি শস্য গুদাম, প্রতীকী ছবি।
সূত্র: DTN / Progressive Farmer




মন্তব্য
(০)