কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। প্রায় পাঁচ মাস পর খোলা ১৫টি দানসিন্দুক থেকে মেলে ৫১ বস্তা টাকা; ১২ ঘণ্টা গণনা শেষে অঙ্ক দাঁড়ায় ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সের তালা খোলা হয়। সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে গণনা। এতে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ও পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন ও জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী; তদারক করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি।
নিরাপত্তায় ছিলেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার। গোনা টাকা পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হচ্ছে।
এর আগে ২৭ জুন দানবাক্স খোলা হলে ৪৩ বস্তায় পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা, সঙ্গে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও নানা সামগ্রী। জেলা প্রশাসনের তথ্যে, মসজিদের তহবিলে আগে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা, অনলাইনে দান হিসেবে জমা আছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
প্রায় ছয় বছর পর গত ১২ অক্টোবর মসজিদের সিলগালা করা সিন্দুক খুলে প্রায় ১,০৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১,০৮৮ ভরি রুপা ও ১৭টি দেশের মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ভাঙিয়ে মিলেছে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা; স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ ও নিলামের কাজ চলছে।
নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর প্রায় আড়াই শ বছরের পুরোনো এই মসজিদ। নানা শ্রেণি-পেশার মানুষ এখানে টাকা, স্বর্ণালংকার ও নানা সামগ্রী দান করেন।
ছবি: Aminul joy / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: ইত্তেফাক



মন্তব্য
(০)