কানাডার অন্টারিও প্রদেশের ব্রুস কাউন্টিতে পাঁচ দিনের ১০৭তম ইন্টারন্যাশনাল প্লাউইং ম্যাচ অ্যান্ড রুরাল এক্সপো (আইপিএম) শেষ হয়েছে শনিবার, ২৬ সেপ্টেম্বর। প্রদেশ ও বাইরের কৃষক, প্রদর্শক ও দর্শনার্থীরা এতে অংশ নেন। লাঙল চালানোর প্রতিযোগিতাই আয়োজনের মূল, তবে ফার্মস ডটকমের ভাষায় এটি এখন কানাডার অন্যতম বড় গ্রামীণ প্রদর্শনী, যেখানে কৃষি ঐতিহ্য, প্রযুক্তি, শিক্ষা ও বিনোদন একসঙ্গে।
চার দিনের ট্রাক্টর ও ঘোড়ায় টানা লাঙলের বিভিন্ন শ্রেণির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিচমন্ডের জিন গ্রুবার (Gene Gruber) অন্টারিও চ্যাম্পিয়নশিপ ট্রাক্টর কনভেনশনাল শিরোপা ও আইপিএম চ্যাম্পিয়ন ট্রাক্টর পুরস্কার জেতেন; দুটিতেই রানারআপ ওয়েন সাউন্ডের ব্রায়ান ডেভেনপোর্ট। রিভার্সিবল শ্রেণিতে চ্যাম্পিয়ন টিভারটনের টম ইভান্স, রানারআপ বেলজিয়ামের ডেসেলের টর ব্রোকস।
২৫ সেপ্টেম্বর ২০২৬-২০২৭ মেয়াদের অন্টারিও কুইন অব দ্য ফারো নির্বাচিত হন গ্রে নর্ম্যানবির ২১ বছর বয়সী কারমেন ওয়ার্ড (Carmen Ward)। গ্রে কাউন্টিতে নিজের খামার চালানোর স্বপ্ন দেখা ওয়ার্ড প্রদেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে অন্টারিও প্লাউমেনস অ্যাসোসিয়েশনের দূত হিসেবে কৃষির প্রচার করবেন।
সপ্তাহজুড়ে ছিল পাঁচটি শোভাযাত্রা: গ্রামীণ নেতৃত্বকে সম্মান জানিয়ে উদ্বোধনী শোভাযাত্রা, পুরোনো পিকআপ, গবাদিপশুবাহী ট্রাক এবং পুরোনো ও আধুনিক ট্রাক্টরের শোভাযাত্রা, শিশুদের শোভাযাত্রা, নানা প্রজন্মের কম্বাইন হারভেস্টারের শোভাযাত্রা, আর ঘোড়ায় টানা যন্ত্র থেকে আধুনিক যন্ত্র পর্যন্ত কৃষির বিবর্তন দেখানো সমাপনী শোভাযাত্রা।
ছবি: Robert Taylor / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)