প্রাণিসম্পদের রোগ নিয়ন্ত্রণ, ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এবং মাংস ও প্রাণিজাত পণ্যের রপ্তানি বাড়াতে প্রায় ৩ হাজার কোটি টাকার ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার। আন্তর্জাতিক মান বজায় রেখে মাংস রপ্তানির জন্য আধুনিক মিট প্রসেসিং প্ল্যান্ট ও ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
২৮ নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ‘রপ্তানি বৈচিত্র্যায়ন ও প্রাণিসম্পদ: সম্ভাবনা ও করণীয়’ সেমিনারে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার। তিনি জানান, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সমন্বয়ে নেওয়া প্রকল্পটির অর্থায়ন করছে বিশ্বব্যাংক; চুক্তি চূড়ান্ত পর্যায়ে, আর এতে প্রথমবারের মতো বন্যপ্রাণীও যুক্ত হয়েছে।
রোগমুক্ত অঞ্চল গড়ার উদাহরণ হিসেবে তিনি ভোলার কথা বলেন। কয়েক বছর ধরে সেখানে খুরারোগের (এফএমডি) টিকাদানের ফলে রোগের প্রকোপ প্রায় শূন্যে নেমেছে, আর এর সুফল হিসেবে সারা দেশের হাটে ভোলার গরু-মহিষের চাহিদা ও দাম বেড়েছে। এই সাফল্য সারা দেশে ছড়িয়ে দিতে চান বলে জানান তিনি।
টিকার বিষয়ে তিনি বলেন, পিপিআর ভ্যাকসিনের শতভাগ চাহিদা এখন মহাখালী টিকা উৎপাদন কেন্দ্র থেকেই মিটছে। অন্য রোগের টিকার আমদানিনির্ভরতা কমাতে বগুড়ার গাবতলীতে বড় আধুনিক ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার সম্ভাব্যতা যাচাই অনুমোদিত হয়েছে।
মাংস রপ্তানিতে বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর জোর দিয়ে অতিরিক্ত সচিব বলেন, স্লটার হাউস থেকে প্যাকেজিং পর্যন্ত আধুনিক মিট প্রসেসিং প্ল্যান্ট জরুরি। সরকার প্রকল্পের আওতায় কিছু স্লটার হাউস তৈরি করে দিয়েছে, কিন্তু সরকারি দপ্তরের পক্ষে প্রসেসিং প্ল্যান্ট চালানো সম্ভব নয়, তাই এগুলো পরিচালনা ও বাণিজ্যিকীকরণে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাসানুজ্জামান এবং অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি ছিলেন।
ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সংবাদ





মন্তব্য
(০)